আবার শুভাশিস, সেই মেন্ডিস

শুভাশিসের সঙ্গে নিশ্চয়ই আড়ি দিয়েছিলেন কুশল মেন্ডিস—তুমি যা-ই করো না কেন, তোমাকে আমি উইকেট দেব না! তা না হলে এই শুভাশিসের বলেই শূন্য রানে জীবন (নো বলে বোল্ড হয়েছিলেন) পেয়ে আবারও কেন মস্ত বড় সুযোগ দিয়েও বেঁচে যাবেন?
ঘটনাটা আজকের দিনের সপ্তম ওভারের পঞ্চম বলে। শর্ট বল, হুক করলেন মেন্ডিস। ফাইন লেগ বাউন্ডারিতে ক্যাচটি ধরলেন মোস্তাফিজ। তবে দড়িতে পা লাগিয়ে ফেললেন। আউট হওয়ার বদলে ছক্কা পেয়ে গেলেন ছোটখাটো শরীরের ডানহাতি ব্যাটসম্যান। ১৭৯ থেকে পৌঁছে গেলেন ১৮৫ রানে আর শ্রীলঙ্কা ৩৮৬ রানে। শুভাশিস উইকেট পাওয়ার উদ্যাপন করছিলেন একা একাই। যখন দেখলেন সতীর্থ কেউ তাঁর সঙ্গী নয়, বুঝে গেলেন কী ঘটেছে।
তবে মেন্ডিস শেষ পর্যন্ত সীমানার কাছেই ধরা পড়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটিকে ডাবলে রূপ দিতে পারেননি মাত্র ৬ রানের জন্য। মেহেদী হাসান মিরাজকে ছক্কা মেরেই হয়তো ছুঁতে চেয়েছিলেন ২০০ রান। কিন্তু ধরা পড়ে যান লং অন সীমান্তে। অসাধারণ এক ক্যাচ নিয়েছেন তামিম ইকবাল। একেবারেই ‘অতামিমোচিত’ ফিল্ডিং।
বল উড়ে আসছে দেখে পেছনে পেছাতে লাগলেন, যখন দেখলেন সীমানা–দড়িতে পা লেগে যাবে, বল হাওয়ায় ঠেলে দিলেন মাঠের ভেতরে। তারপর শরীরের ভারসাম্য ধরে রেখে মাঠে ঢুকে তালুবন্দী করলেন মেন্ডিসকে। এই তামিমকে একটু অচেনাই লাগার কথা সবার। বিশেষ করে মাত্রই আগের টেস্টটিতে ভারতের বিপক্ষে হায়দরাবাদে যেভাবে ঋদ্ধিমান সাহার ক্যাচটি একই জায়গা থেকে ফেলে দিয়েছিলেন, সেটি যদি আপনার মনে থাকে।
ইশ্, কেন যে ‘তামিম ভাইয়ের’ মতো চেষ্টা করলাম না—তামিমের ওই ফিল্ডিং দেখে মোস্তাফিজের মধ্যে এই অনুশোচনা হয়তো হচ্ছে। সেটি স্বাভাবিকও। একেবারেই সহজ হয়ে ওঠা পিচে আরও আগেই মেন্ডিসকে আউট করতে পারলে শ্রীলঙ্কার রানটা তো একটু কম হতো। আর মেন্ডিসই তো ক্রিজে ছিলেন শ্রীলঙ্কার প্রধানতম ব্যাটিং ভরসা হয়ে।
সেই শ্রীলঙ্কা শেষ পর্যন্ত লাঞ্চ পর্যন্ত করল ৪৪৩ রান। তবে আরেকটি উইকেট হারিয়ে। ওদের ষষ্ঠ উইকেটটিও তুলে নিয়েছেন মিরাজ। একই রকম বল, ওপরে পিচ করা—তুলে মারতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিলেন নিরোশান ডিকভেলা। সেঞ্চুরি পেতে পেতেও পাওয়া হলো না তাঁর।

শ্রীলঙ্কানদের ব্যাটিং দেখে একটি বিষয় পরিষ্কার, এই পিচে নিজের উইকেটটা কেউ বিলিয়ে দিয়ে না এলে বোলারদের মাথা কুটে মরতে হবে উইকেট পেতে।
লাঞ্চের পর এই রিপোর্ট যখন লিখছি, শ্রীলঙ্কার আরও একটি উইকেট গেছে। সপ্তম উইকেটটি গেছে মোস্তাফিজের নামের পাশে। শ্রীলঙ্কান অধিনায়ক হেরাথকে একমাত্র স্লিপে সৌম্যর ক্যাচ বানিয়েছেন। ৪৫৭ রানে পড়েছে শ্রীলঙ্কার সপ্তম উইকেট। এখন তাদের ইনিংসটা টানছেন দিলরুয়ান পেরেরা। কত দূর যেতে পারবে শ্রীলঙ্কা? বলা যায় না, টেল এন্ডারদের নিয়ে অনেক দূর টেনে নিতেও পারেন পেরেরা।
এই উইকেট দেখে বাংলাদেশের ধারাভাষ্যকার আতহার আলী খান মাথা নাড়লেন, ‘না, এটা একেবারেই তক্তা উইকেট হয়ে গেছে। এখানে উইকেট নেওয়া খুব কঠিন।’ বাংলাদেশের ব্যাটসম্যানরাও নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে মনঃসংযোগ ধরে রেখে ব্যাট করে যেতে পারলে শ্রীলঙ্কানরা তাঁদের দিকে চোখ রাঙিয়ে তাকাতে পারবে না।