আবার সেই ধাক্কা-কাণ্ড!

ভারত সিরিজে আলোচিত হয়েছিল মহেন্দ্র সিং ধোনির ধাক্কা-কাণ্ড। রান নিতে গিয়ে উইকেটের মাঝখানে ভারত অধিনায়ক ধাক্কা মেরেছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে। কাল প্রায় একই রকম ঘটনা ঘটল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও। এবার ধাক্কাটা দিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার কুইন্টন ডি কক, আর তাঁর ধাক্কার শিকার বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।
কাল ব্যাটিংয়ের প্রায় পুরোটা সময়ই ডি কক স্লেজিং করে গেছেন তামিমকে। লাঞ্চের আগে সাইমন হার্মারের করা শেষ ওভারটির সময় তামিমও পাল্টা কিছু একটা বলেন। ওভার শেষে সেটি আর মুখের কথায় সীমাবদ্ধ থাকেনি। দুজনের শারীরিক সংস্পর্শের একপর্যায়ে কনুই দিয়ে তামিমকে ধাক্কা মেরে বসেন ডি কক। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। ড্রেসিংরুমে ফেরার পথে তামিমকে শান্ত করার চেষ্টা করতে দেখা গেছে ডেল স্টেইনকেও। দক্ষিণ আফ্রিকার বাকি সব খেলোয়াড়ই যে শান্তিদূতের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তা নয়। বাংলাদেশ দল সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ডি কক ছাড়া আরও দু-একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের আচরণে নাকি যথেষ্টই উসকানি ছিল।
এই জাতীয় ঘটনায় নিশ্চিতভাবেই দৃশ্যপটে ম্যাচ রেফারির আবির্ভাব ঘটে। আম্পায়ারদের রিপোর্ট পাওয়ার পর ম্যাচ রেফারি ক্রিস ব্রড তৎপরও হয়েছেন। তামিমকে ধাক্কা মেরে আইসিসির আচরণবিধির ২.২.৭ ধারা ভেঙেছেন ডি কক। একটি সূত্রে জানা গেছে, এ জন্য তাঁকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তামিমের কোনো ‘অপরাধ’ খুঁজে না পাওয়ায় তাঁর কোনো শাস্তি হয়নি।
চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজে তামিমকে ধাক্কা খেতে হয়েছে এর আগেও। ঢাকায় দ্বিতীয় ওয়ানডেতে তাঁকে ধাক্কা দিয়ে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা গুনেছিলেন রাইলি রুশো।