আবার সেই মাসাকাদজা 'দেয়াল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও বাংলাদেশের সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছেন মাসাকাদজা। ছবি: শামসুল হক
আবারও বাংলাদেশের সামনে ‘দেয়াল’ হয়ে দাঁড়িয়েছেন মাসাকাদজা। ছবি: শামসুল হক

প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ৩৬৮ রানের ২৫৯ রান জোগান দিয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা ও রেজিস চাকাভা। দুজন পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও একই ভূমিকায় অবতীর্ণ হওয়ার প্রচেষ্টা দুই ব্যাটসম্যানের। মাত্র ১৫ রানে ৩ উইকেট পতনের পর আবারও বাংলাদেশের ‘দেয়াল’ হয়ে দাঁড়ালেন মাসাকাদজা ও চাকাভা। অবশেষে দারুণ এক গুগলিতে চাকাভাকে ফিরিয়েছেন জুবায়ের হোসেন। জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৮৫। এখনো পিছিয়ে ২২৯ রানে।
সাকিব আল হাসানের বলে অবশ্য একটা সুযোগ দিয়েছিলেন মাসাকাদজা। কিন্তু শর্ট লেগে দাঁড়ানো মুমিনুল হক ক্যাচটা লুফে নিতে পারেননি। এ ডানহাতি উইকেটে আছেন ৪৫ রানে। চাকাভা ফেরার আগে করেছেন ২৭ রান। দুজনের চতুর্থ উইকেট জুটিতে উঠেছে ৭০ রান। প্রথম ইনিংসে দুজন জুটি গড়েছিলেন ষষ্ঠ উইকেটে। ১৫ রানে ৩ উইকেট পতনের পর চাকাভা নামেন ৪ নম্বরে। প্রথম ইনিংসে তিনি নেমেছিলেন ৭ নম্বরে। ইনিংস মেরামতে মাসাকাদজাকে সঙ্গ দিতে চাকাভাকেই হয়তো উপযুক্ত মনে করেছে জিম্বাবুয়ে। ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা জুটিটা অবশেষে ভেঙেছেন জুবায়ের।
চতুর্থ ইনিংসে স্পিনারদের দিয়ে বাংলাদেশের বোলিং শুরু করলেন অধিনায়ক মুশফিকুর রহিম। মাত্র ৪ রান করে তাইজুলের বলে ফিরে যান ওপেনার ব্রায়ান চারি। দলীয় ১৩ রানের মাথায় সাকিবের বলে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দিয়ে ৯ রানে ফেরেন আরেক ওপেনার সিকান্দার রাজা। ব্রেন্ডন টেইলরকেও ফেরান সাকিব।