আবার হারল বিসিবি একাদশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার পত্র-পত্রিকাতেই লেখা হচ্ছে গুরুত্বহীন টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টকে অতি গুরুত্ব দিয়ে বিসিবি পাঠিয়েছে বিসিবি একাদশের মোড়কে বাংলাদেশ ‘এ’ দল। এত শক্তিশালী দল পাঠিয়েও অবশ্য হালে পানি পাওয়া যাচ্ছে না। পরশু ব্যাটিং ব্যর্থতায় উড়ে যেতে হয়েছে মুম্বাইয়ের কাছে। কাল বোলিং ব্যর্থতায় হারতে হলো কর্ণাটকের কাছে। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় একরকম নিশ্চিত বিসিবি একাদশের।
খানিকটা স্বস্তি বলতে টেস্ট দল থেকে বাদ পড়া দুই ব্যাটসম্যানের রান পাওয়া। বলের সঙ্গে পাল্লা দিয়ে সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েস। ৯ চার ও ৩ ছক্কায় ১০৪ বলে করেছেন ঠিক ১০০। পাঁচে নেমে ৭২ বলে অপরাজিত ৫৬ নাসির হোসেনের। চতুর্থ উইকেটে দুজনের জুটি ছিল ৫২ রানের। এর আগে তৃতীয় উইকেটে সাব্বির রহমানকে (২৪) নিয়েও ৫২ রানের জুটি গড়েন ইমরুল। অধিনায়ক এনামুল হক ফিরেছেন ২৫ বলে ৪ রানে, লিটন কুমার দাস ১১। পরে নাঈম (১), সৌম্য (১০), ইলিয়াস সানিরাও (৯) রান পাননি। ৫০ ওভারে বিসিবি একাদশ তোলে ৯ উইকেটে ২৬০। এই পুঁজি নিয়েও লড়াই করতে পারেননি বোলাররা। ওপেনার রবিকুমার সমর্থকে (৩) শুরুতেই ফিরিয়ে দিলেন মোহাম্মদ শহীদ। কিন্তু তিনে নামা শিশির ভবানের ১০৫ বলে ১১২ ও ওপেনার ময়াঙ্ক আগরওয়ালের ৭২ বলে ৭০ রান অনেকটাই নিশ্চিত করে দেয় জয়। পরে চন্দ্রশেখর অবিনাশের অপরাজিত ৪৪ রানে ২১ বল বাকি রেখেই ৫ উইকেট জিতে যায় কর্ণাটক। নাঈম নিয়েছেন ২ উইকেট, শহীদ, কামরুল ও ইলিয়াস সানি একটি করে। প্রাথমিক পর্বে বিসিবি একাদশের শেষ ম্যাচ আগামীকাল বাংলার বিপক্ষে।