আবার 'স্মিথ-খড়গে' ইংল্যান্ড

টেস্টকে যদি ক্রিকেটের সবচেয়ে কঠিন পরীক্ষা বলে ধরে নেওয়া হয়, তবে স্টিভ স্মিথ বোধ হয় বর্তমান সময়ে এর সবচেয়ে সেরা ছাত্র। দেশ বা বিদেশের মাটি যেখানেই খেলা হোক, স্মিথের মাঠে নামা মানেই রান। দারুণ এক ডাবল সেঞ্চুরিতে ওয়াকার বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। সঙ্গে এই টেস্টেই দলে সুযোগ পাওয়া মিচেল মার্শের বড় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ছাড়ছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৫৪৯ রান, লিড ১৪৬ রানের। স্মিথ অপরাজিত আছেন ২২৯ রানে, তাঁর সঙ্গী মিচেল মার্শের রান ১৮১।
আগের দিন অপরাজিত ছিলেন ৯২ রানে, আজ সকালে ১৩৮ বলে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। টেস্টে এটিই তাঁর দ্রুততম সেঞ্চুরি। পুরো ইনিংস-জুড়ে ওয়ানডে মেজাজে ব্যাট করে গেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি পূরণ করেছেন ৩০১ বলে। ২৪৮ রানে শন মার্শ আউট হওয়ার পর জুটি বাঁধেন ‘ছোট’ মার্শের সঙ্গে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরির দিকে নিয়ে যাচ্ছেন মিচেল মার্শ। এই দুজনের ব্যাটিং-তাণ্ডবে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৩০১ রান যোগ করেছে স্বাগতিকেরা। টেস্ট ইতিহাসেই এর চেয়ে বড় জুটি আছে আর দশটি। কে বলবে এই টেস্টেই প্রথম ইনিংসে ৪০৩ রান করেছিল জো রুটের দল।

ডাবল সেঞ্চুরি করে বেশ কয়েকটি রেকর্ড ছুঁয়েছেন স্মিথ। ২০১৭ সালে এটি স্মিথের পঞ্চম সেঞ্চুরি, পার্থে অস্ট্রেলিয়ার পক্ষে চতুর্থ সর্বোচ্চ ইনিংস। টেস্ট ইতিহাসে তৃতীয় দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০৮ ইনিংসে ২২টি সেঞ্চুরি করেছেন তিনি, ছাড়িয়েছেন শচীন টেন্ডুলকারের ১১৪ ইনিংসের রেকর্ড। তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরির পর থেকে ৭১.৬৬ গড়ে রান করেছেন স্মিথ। তাঁর বয়সে আরেক সফল অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংয়ের সেঞ্চুরি ছিল ১০টি। মার্শ-স্মিথের ব্যাটিং-তাণ্ডবে দিনের প্রতিটি সেশনেই এক শর বেশি রান তুলেছে অস্ট্রেলিয়া। আজকের ইনিংসটি খেলার পথেই এ বছরে এক হাজার রান পূর্ণ করেছেন। এ নিয়ে টানা চার বছর টেস্টে এক হাজার রান করেছেন অস্ট্রেলীয় দলপতি। এর আগে ম্যাথু হেইডেন ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর এক হাজার বা তার বেশি রান করেছিলেন।
ইংল্যান্ডের হয়ে দিনের একমাত্র সাফল্য অফ স্পিনার মঈন আলীর। পরপর দুই বলে বাউন্ডারি হজম করে শন মার্শকে প্রথম স্লিপে রুটের ক্যাচ বানিয়েছেন তিনি। বাকি সময়টাজুড়ে ইংলিশ ক্রিকেটাররা শুধু বলই কুড়িয়েছেন, উইকেট আর পাওয়া হয়নি। যত দ্রুত সম্ভব আজকের দিনটা স্মৃতি থেকে মুছে ফেলতে চাইবে রুট বাহিনী। আগামীকাল দ্রুত দুই শ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করতে চাইবেন স্মিথ। আবহাওয়া পূর্বাভাসে যে আগামী দুই দিনে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে।