আবারও অন্ধকারের পথে বাংলাদেশের ক্রিকেট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উল্টোপথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট ছবি: এএফপি
উল্টোপথে হাঁটছে বাংলাদেশের ক্রিকেট ছবি: এএফপি

হাঁটি হাঁটি পা পা করে অনেক দিনই পেরিয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের। প্রথম ওয়ানডে জয়, টেস্ট স্ট্যাটাস অর্জন, সবই হয়েছে এক যুগেরও আগে। একসময়ের ‘চুনোপুঁটি’ থেকে তৈরি হয়েছিল সমীহ জাগানোর মতো অবস্থানও। স্বাভাবিক নিয়ম অনুযায়ী সময়ের সঙ্গে সঙ্গে আরও বিকশিত হওয়ার প্রতিশ্রুতিই ছিল বাংলাদেশ ক্রিকেটের। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এক বিরল ব্যতিক্রম। উত্তরোত্তর উন্নতি তো অনেক দূরের কথা, ক্রিকেটে বাংলাদেশ যেন হাঁটছে উল্টো পথেই। ফিরে যাচ্ছে পুরোনো, অন্ধকার সেই যুগেই, যেখানে পরাজয়ই ছিল এ দেশের ক্রিকেটের নিত্যসঙ্গী।
১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত একদিনের ক্রিকেটে টানা ৪৭টি হারের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। এই সময়টাকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের অন্ধকার যুগ। কিন্তু সেটা তো ছিল বিশ্ব পর্যায়ের ক্রিকেটে বাংলাদেশের হাতেখড়ির সময়। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তখন কেবলই শক্তিশালী দেশগুলোর বিপক্ষে খেলা শুরু করেছিলেন আমিনুল ইসলাম, আকরাম খান, খালেদ মাসুদ, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকরা।। শুরুর দিকে এমনটা হতে পারে—এমন ধারণাই মূর্ত ছিল এ দেশের ক্রিকেট-ভক্তদের মধ্যে। এভাবে হারতে হারতেই একদিন দল জিততে, শিখবে—এই বিশ্বাসটা বেশ ভালোভাবেই ভিত গড়েছিল এ দেশের মানুষের মধ্যে।
দলের ওপর বিশ্বাস স্থাপন করে খুব ভুল করেননি এ দেশের ক্রিকেটপ্রেমী মানুষ। দল জিততে শুরু করেছিল। ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পরপরই অমূল পাল্টে যেতে থাকে বাংলাদেশের ক্রিকেট। দারুণ কিছু পদক্ষেপ, ছিয়ানব্বইয়ে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ জেতানো অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোরকে দলের দায়িত্বে এনে দেশের ক্রিকেটে আসে নতুন জাগরণ। ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া গিয়েছিল, ২০০৬ সালে ২৮টি ম্যাচ খেলে ১৮টিতেই জয়, ২০০৭ সালের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠা, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানোর মধ্য দিয়ে যেন সূচনা হয়েছিল নতুন যুগের। ২০০৯ সালে ১৯টি ম্যাচ খেলে ১৪টিতেই জয় দিয়ে বাংলাদেশ হয়ে উঠেছিল সমীহজাগানিয়া শক্তি। ২০১০ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ধবলধোলাই করার পর বিশ্ব ক্রিকেটেই নতুন করে আলোচনায় এসেছিল বাংলাদেশ।
দেশের মাটিতে ২০১১ সালের বিশ্বকাপটা হতাশা নিয়ে কাটলেও পরের দুই বছর আবার ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তবে এরই মধ্যে ইংল্যান্ডের মতো শক্তিকে দুইবার হারানোর স্বাদও পাওয়া হয়ে গিয়েছিল বাংলাদেশের। ২০১২ ও ২০১৩ সালে মোট ১৮টি ওয়ানডে খেলে জয় পেয়েছিল ১০টি ম্যাচে। ২০১২ সালে ভারত, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার স্মৃতি এখনো তাজা ক্রিকেটপ্রেমীদের মনে। ২০১৩ সালে আবারও নিউজিল্যান্ডকে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করে পরিচয় মিলেছিল মুশফিক-সাকিবদের লড়াকু মনোভাবেরই। বড় দলগুলোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইটা অভ্যাসেই পরিণত করেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রতিটি ম্যাচেই হাড্ডহাড্ডি লড়াই করে জয় তুলে এনেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
কিন্তু এ বছরে একের পর এক শুধু ব্যর্থতাই উপহার দিয়ে চলেছে বাংলাদেশ। জয়বঞ্চিত আছে টানা ১২টি ম্যাচে। শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ধবলধোলাই দিয়ে। এরপর এশিয়া কাপেও চারটি ম্যাচে হার। আফগানিস্তানের বিপক্ষেও বাংলাদেশকে পেতে হয়েছিল হারের স্বাদ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই একই অবস্থা। চারটি ম্যাচেই হার। বাছাইপর্বে তো হংকংয়ের কাছে হারের লজ্জাও পেতে হয়েছে।
এরপর কোচ বদল হলো। নতুন করে পথ চলার শপথ নেওয়া হলো। কিন্তু এখন পর্যন্ত কোনো আশার বাতি দেখা গেল না। শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আসার পর এখন পর্যন্ত বাংলাদেশ খেলে ফেলেছে পাঁচটি ওয়ানডে। বলাই বাহুল্য, সবগুলোতেই দেখতে হয়েছে হারের মুখ।
শুধু হারটাই না, হারের ধরনগুলোও চরম হতাশাজনক। গত জুনে ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০৭ রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। অলআউট হয়েছে ৫৮ রানে। তার আগে প্রথম ম্যাচে ২৭২ রান করেও জয় পায়নি বোলিং ব্যর্থতায়। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরেও দেখা যাচ্ছে সেই একই চিত্র। মাত্র ৩৪ রানেই পাঁচ উইকেট হারানোর পরও হেসেখেলে জয় তুলে নিয়েছে ক্যারিবীয়রা। আর গতকাল দ্বিতীয় ম্যাচে ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অলআউট ৭০ রানে, যেটা বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন ইনিংস।
প্রতিটি লজ্জাজনক হারের পরই বাংলাদেশের ক্রিকেটারদের দেখা যাচ্ছে দুঃখ প্রকাশ করতে। হয় ব্যাটিং না হয় বোলিং দুর্বলতার গত্বাঁধা ফিরিস্তি দিতে। আর নতুন কোনো সিরিজ বা টুর্নামেন্ট শুরুর আগে ‘ব্যর্থতা পেছনে রেখে সামনে এগিয়ে যাওয়ার’ প্রতিশ্রুতি দিতে। কিন্তু আদৌ কি এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেট? ‘হার থেকে শিক্ষা’ কী সত্যিই গ্রহণ করছেন বাংলাদেশের ক্রিকেটাররা? সাম্প্রতিক পারফরম্যান্স দেখলে কিন্তু নেতিবাচক উত্তরটাই প্রথমে মাথায় আসবে। বাংলাদেশ যেন সত্যিই আবার ফিরে যাচ্ছে সেই অন্ধকার যুগে। অন্ধকারে পুরোপুরি নিমজ্জিত হয়ে যাওয়ার আগেই কি সাফল্যসূত্র সন্ধানে নেমে পড়া উচিত নয় ?