আবারও অভব্য আচরণে সীমা ছাড়ালেন ওয়াহাব

ফাস্ট বোলারদের শরীরী ভাষায় একটু নাকি আগুন থাকতে হয়। কিন্তু পাকিস্তানি বোলার ওয়াহাব রিয়াজের আগুনটা একটু বেশিই। মাঝে মধ্যেই সেটা আশপাশেও ছড়িয়ে যায়। পাকিস্তানের এই ফাস্ট বোলার আবারও খবরের শিরোনাম হয়েছেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে। গতকাল পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ম্যাচে জাতীয় দলের সতীর্থ আহমেদ শেহজাদের সঙ্গে যা করেছেন, তা আর যা-ই হোক, ভদ্রলোকের খেলা ক্রিকেটের সঙ্গে যায় না।
একটা ছয় খেয়েই মাথাটা গরম হয়ে যায় পেশোয়ারের হয়ে খেলা ওয়াহাবের। পরের বলে কোয়েটার শেহজাদকে বোল্ড করে দেওয়ার আনন্দের আতিশয্যেই কিনা, মুখ দিয়ে গালির তুবড়ি ছোটালেন। সেখানেও থামেননি। এগিয়ে গেলেন শেহজাদ বরাবর। সজোরে দিলেন ধাক্কা।
শেহজাদকে কী বলেছিলেন ওয়াহাব? পাকিস্তানি দৈনিক ডন বলছে, ‘অগ্রহণযোগ্য’ কিছু শব্দ। শেহজাদও যেভাবে সেসব শুনে ব্যাট উঁচিয়ে এগিয়ে গেলেন ওয়াহাবের দিকে, বোঝাই গেল শব্দগুলো হজম করা কঠিনই ছিল তাঁর জন্য। এমন আচরণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও অগ্রহণযোগ্য মনে হয়েছে। কেবল ওয়াহাব নয়, শেহজাদও শাস্তি পেয়েছেন। দুজনকেই ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে জরিমানা হিসেবে। তবে ওয়াহাবের জরিমানার অঙ্কটা বেশি। শুরুটা যে তিনিই করেছিলেন।
ওয়াহাবের এমন ‘আগুন’ নতুন কিছু নয়। গত বছর বাংলাদেশ সফরে খুলনা টেস্টে বাংলাদেশের সাকিব আল হাসানের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন। তবে সেবার সাকিবও ছেড়ে কথা বলেননি। ওয়াহাবের আগুনের পাল্টা জবাব দিয়েছিলেন।
এক বছর আগে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের সঙ্গেও লেগে যায় ওয়াহাবের। তবে সেবার দুর্দান্ত বোলিংও করেছিলেন। ব্রায়ান লারা তো এই দুই ক্রিকেটারের ব্যাটে-বলে লড়াইটাকে দারুণ উপভোগ করেছিলেন। ওয়াহাবের তেজে এতটাই মুগ্ধ হয়েছিলেন, লারা জরিমানার পুরোটা নিজের পকেট থেকেই দিয়ে দিতে চেয়েছিলেন।
কিন্তু শারজায় সোমবার রাতে ওয়াহাব শেহজাদের সঙ্গে যা করলেন, তা নিশ্চয়ই লারাকে আনন্দিত করবে না! সবকিছুরই একটা মাত্রা থাকে। সেটি ছাড়ালেই সর্বনাশ। আইসিসির আচরণবিধিতে স্পষ্ট করে বলা আছে, মাঠে দুই খেলোয়াড় কখনোই ইচ্ছাকৃতভাবে শারীরিক সংঘর্ষ করতে পারবে না।
রিয়াজের জরিমানার মোট অঙ্কের পরিমাণ কিন্তু দিনকে দিন বাড়ছেই।