আবারও আফ্রিদি!

এ যেন সত্যিই মিউজিক্যাল চেয়ার! সে চেয়ারে কখন কে বসবেন আর কে জায়গা হারাবেন, সেটা ধাঁধার মতোই ব্যাপার। নইলে কে ভেবেছিল, তিন বছর আগে যাঁর হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছিল, সেই আফ্রিদির হাতেই আবারও টি-টোয়েন্টির অধিনায়কত্ব তুলে দেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)! ৩৪ বছর বয়সে সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে আবারও দেশের নেতৃত্বভার পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, আফ্রিদির মেয়াদ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার দায়ভার নিয়ে বিশ্বকাপের পরই পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এর পর থেকে খালিই পড়ে ছিল পদটা। ধারণা করা হচ্ছিল, হয়তো ভবিষ্যতের কথা ভেবে তরুণ কাউকে দীর্ঘমেয়াদে এ দায়িত্বটি দেওয়া হতে পারে। তবে পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তরুণদের কেউ এখনই এত বড় দায়িত্ব নিতে রাজি হননি। অনেকটা বাধ্য হয়েই তাই আফ্রিদির শরণাপন্ন হতে হয়েছে পিসিবিকে। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মিসবাহ-উল-হকই থাকছেন বলেও নিশ্চিত করেছে পিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট ও ওয়ানডে সিরিজে হারার পর মিসবাহর অধিনায়কত্ব হুমকির মুখেই পড়ে গিয়েছিল।
২০০৯ থেকে ২০১১ পর্যন্ত পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন আফ্রিদি। সে সময় ১৯টি ম্যাচ খেলে আটটিতে জয় পায় পাকিস্তান, হারে ১১টিতে। তবে পারফরম্যান্সের কারণে নয়, কোচ ওয়াকার ইউনিস ও তৎকালীন পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে বিরোধে জড়িয়ে অধিনায়কত্ব হারিয়েছিলেন আফ্রিদি। কী কাকতাল, সেই ওয়াকার দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে ফেরার পর আবারও অধিনায়কত্ব পেলেন আফ্রিদি! তবে আগের কথা ভুলে কোচের সঙ্গে নতুন শুরুর কথাই বললেন তিনি, ‘যা হয়েছে সব অতীত। ওয়াকারের সঙ্গে আমি নতুন করে শুরু করেছি।’ নতুন মেয়াদে নিজের লক্ষ্যটাও এরই মধ্যে ঠিক করে নিয়েছেন আফ্রিদি, ‘এটা ভিতুদের খেলা নয়। আগে তাই খেলোয়াড়দের মন থেকে ব্যর্থতার ভয় দূর করতে হবে।’ এএফপি, ক্রিকইনফো।
আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে অধিনায়ক আফ্রিদির নতুন অধ্যায়।
অধিনায়কত্ব এবং আফ্রিদি
২৯ জুলাই ২০০৯
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক
২৫ মে ২০১০
তিন ফরম্যাটেই পাকিস্তান দলের অধিনায়ক
১৬ জুলাই ২০১০
টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত
১৯ মে ২০১১
আফ্রিদিকে সরিয়ে মিসবাহ ওয়ানডে অধিনায়ক
৩০ মে ২০১১
আন্তর্জাতিক ক্রিকেট থেকে শর্ত সাপেক্ষে অবসর
১৮ অক্টো. ২০১১
ক্রিকেটে ফেরার ঘোষণা
১৬ সেপ্টে. ২০১৪
আবার পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক