আবারও উড়তে চান শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন দুরন্ত শফিউলকে দেখতে চাইবে দর্শকেরা। ছবি: এএফপি
এমন দুরন্ত শফিউলকে দেখতে চাইবে দর্শকেরা। ছবি: এএফপি

২০১০ সালের অক্টোবরে মিরপুরে ব্রেন্ডন ম্যাককালামকে আউট করে শফিউল ইসলামের সেই উদযাপনের কথা মনে আছে? ভয়ংকর কিউই ওপেনারকে দ্রুত ফিরিয়ে মাধ্যাকর্ষণ শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শফিউল যেন সেদিন উড়তে চাইছিলেন আকাশে! এমন উদযাপন আরও বহুবার করেছেন। তাঁর বিখ্যাত এ উদযাপনের ছবি তো পরে ঢাকা শহরে বিজ্ঞাপন বিলবোর্ডেও দেখা গিয়েছিল!

কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ? ঘরের মাঠে গত বিশ্বকাপে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে শফিউলের পারফরম্যান্স কি ভোলা যায়? মিরপুরে আইরিশদের ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। এ লক্ষ্য পেরোনো কঠিন কিছু? কিন্তু কাজটা ‘অনেক কঠিন’ করে দিলেন শফিউল। ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখলেন কার্যকর ভূমিকা। চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে নয়, শফিউল নামলেন ‘ব্যাট’ হাতে। জয়টা দূরে সরে যাওয়ার আগেই মাহমুদউল্লাহর সঙ্গে নবম উইকেটে গড়লেন অবিচ্ছিন্ন ৫৮ রানের দারুণ এক জুটি। মূলত এ জুটিই সেদিন জেতাল বাংলাদেশকে। শফিউল করেছিলেন অপরাজিত ২৪ রান (২৪ বলে)।

২০১০ সালে ম্যাককালামকে ফিরিয়ে শফিউলের সেই উচ্চলম্ফ! ছবি: প্রথম আলো
২০১০ সালে ম্যাককালামকে ফিরিয়ে শফিউলের সেই উচ্চলম্ফ! ছবি: প্রথম আলো


দলীয় আচরণবিধি ভঙ্গের অভিযোগে আকস্মিকভাবে দেশে ফিরে আসছেন পেসার আল আমিন। আর এতেই স্বপ্নটা আবারও ধরা দিল শফিউলের, সুযোগ মিলল উইকেট নিয়ে ‘আকাশে ওড়ার’! কেমন লাগছে এখন? শফিউলের জবাবে বেশ পরিমিত, ‘ভালো লাগছে। অনুভূতিটা অবশ্যই ভিন্ন। এ রকম একটা বড় টুর্নামেন্টে খেলার স্বপ্ন সবারই থাকে।’
তবে ৪ জানুয়ারি বিশ্বকাপ দল ঘোষণার পর মনটা খারাপ হয়ে গিয়েছিলে ২৫ বছর বয়সী ডানহাতি পেসারের। অবশ্য ঘরের মাঠে দলের অনুশীলনে যোগ দিয়েছিলেন তিনি। তবে অন্য সতীর্থদের মতো তাঁর মনের অবস্থা নিশ্চয় এক রকম ছিল না। সবাই যেখানে অনুশীলন করছেন বিশ্বকাপে ভালো খেলার প্রত্যয়ে, শফিউল সেখানে স্রেফ ‘করার জন্যই করা’! সে সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘দল ঘোষণার পর মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। কেননা, এ ধরনের টুর্নামেন্টে খেলার ইচ্ছা সব খেলোয়াড়েরই থাকে।’
বিশ্বকাপ শুরু হওয়ার পর মনটা খারাপ হয়ে গিয়েছিল আরও বেশি। গত বিশ্বকাপে যিনি ছিলেন দলের সাজঘরে, এবার খেলা দেখতে হচ্ছে দূর থেকে! তবে মন খারাপের দিনগুলোয় ভেঙে পড়েননি। চালিয়ে গিয়েছেন নিজের কাজ, ‘বিশ্বকাপ শুরু হওয়ার পর খারাপ তো অবশ্যই লেগেছে। তবে আমি আমার কাজ করে গিয়েছি। নিয়মিত অনুশীলন করেছি, জাতীয় লিগ খেলেছি।’
ফাস্ট বোলার হিসেবে এমনিতে শফিউলের শরীরী ভাষা, ঝাঁজ বরাবরই প্রশংসনীয়। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পেস-সহায়ক কন্ডিশনে নিজের সামর্থ্য কাজে লাগাতে আলাদা পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে বললেন, ‘ম্যাচের পরিস্থিতি বুঝে বোলিং করব।’ তবে ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারবেন কি না, এখনো নিশ্চিত নন। কেবল বললেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে খেলার ব্যাপারে কিছু জানি না। আগে দলে যোগ দিই, তারপর বাকিটা দেখা যাবে।’
যেহেতু সুযোগ মিলেছে, এবার নিজের সেরাটা দেওয়ার পালা। ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে ওয়ানডেতে ৫২ ম্যাচে ৫৮ উইকেট নেওয়া শফিউল বললেন, ‘গত বিশ্বকাপে দুটো ম্যাচে যেভাবে পারফরম্যান্স করেছি, এবার সুযোগ পেলে সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে চাই।’
আর ‘পুনরাবৃত্তি’ মানেই তো ‘উড়ন্ত শফিউল’!