আবারও কাঁধের চোটে মুস্তাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

কাল দুপুরে মুঠোফোনে বেশ কাতরই শোনাচ্ছিল কণ্ঠটা।
* শুনলাম কাঁধে আবার চোট পেয়েছেন...
মুস্তাফিজুর রহমান: জি, বাঁ কাঁধের পুরোনো ব্যথাটাই আবার নতুন করে হচ্ছে। এখানে ফিজিওকে দেখিয়েছি।
* আজ (গতকাল) কি খেলতে পারবেন?
অস্পষ্ট একটা শব্দ ভেসে এল অন্য প্রান্ত থেকে। যেটাতে আসলে কিছুই বোঝা গেল না। পরে সাসেক্সই টুইট করে জানিয়েছে, চোট গুরুতর নয়। তবু সতর্কতা হিসেবে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপের কালকের ম্যাচে খেলানো হয়নি বাঁহাতি এই পেসারকে।
আজ মুস্তাফিজের কাঁধের এমআরআই করানো হবে। চোট কতটা গুরুতর, সেটা এমআরআই রিপোর্ট পেলেই পুরোপুরি বোঝা যাবে। বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম এখন আছেন সেটির অপেক্ষায়, ‘এমআরআই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, সমস্যা কত গুরুতর বা এই সমস্যার জন্য খেলা বন্ধ রাখতে হবে কি না।’
তবে বিসিবি থেকে সাসেক্সকে আগেই নির্দেশনা দেওয়া আছে যে কাঁধ বা অন্য কোনো চোটেও মুস্তাফিজকে ব্যথানাশক ওষুধ দিয়ে খেলানো যাবে না। চোট থাকলে তিনি খেলবেন না। তার মানে কাঁধের ব্যথা পুরোপুরি না সারা পর্যন্ত আর মাঠে নামছেন না মুস্তাফিজ। বায়েজিদুল বললেন, ‘এসব ক্ষেত্রে ওকে জাতীয় দলে খেলানোর ক্ষেত্রেও আমরা কখনো ঝুঁকি নিইনি। কাজেই ওখানেও ঝুঁকি নিয়ে খেলবে না।’
মুস্তাফিজ ‘পুরোনো ব্যথা’ বললেও বায়েজিদ অন্য শঙ্কাও করছেন। এর আগে যে কাঁধে সমস্যা হয়েছিল, এখনো সেখানেই ব্যথা। তবে সেটি নতুন কোনো কারণেও হতে পারে। ঢাকা থেকে ইংল্যান্ডে গিয়ে পরপর দুই দিন দুটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এটা হতে পারে সেই ধকলেরও পার্শ্বপ্রতিক্রিয়া। এ ধারণার পেছনে বায়েজিদের যুক্তি, ‘আইপিএল থেকে আসার পর ঢাকায় মুস্তাফিজ প্রায় ৫২ দিন ট্রেনিং করেছে। ছয় সেশন বল করেছে। এই সময় আমরা ওর হ্যামস্ট্রিংয়ের সমস্যার চিকিৎসা করলেও কাঁধের ব্যথা নিয়ে কোনো অভিযোগ ছিল না। সমস্যা হয়নি আইপিএলেও।’
গত শুক্রবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সারের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচ খেলার সময়ই মুস্তাফিজ প্রথম সমস্যাটা টের পান। মুস্তাফিজের কথা অনুযায়ী, ‘ব্যথা প্রথমে অত বেশি ছিল না। কিন্তু ম্যাচের পর বেড়েছে।’ সমস্যার কথা সেদিনই জানান সাসেক্সের ফিজিওকে।
ইংরেজিতে সাবলীল নন বলে ক্লাবের ফিজিওর সঙ্গে ভাষাগত সমস্যা তো আছেই, চোটের ব্যবস্থাপনা সম্পর্কেও এখনো খুব ভালো ধারণা নেই মুস্তাফিজের। পরশু রাতে তাই ইংল্যান্ড থেকে ফোন করেছিলেন বায়েজিদুল ইসলামকেও। ব্যথার ধরন সম্পর্কে জেনে প্রাথমিক কিছু পরামর্শ দিয়েছেন বায়েজিদ। পরে তিনিই সাসেক্সের ফিজিওকে ই-মেইলে বিস্তারিত জানান, ‘ফিজিওকে মুস্তাফিজের কাঁধের সর্বশেষ এমআরআই রিপোর্ট এবং এই চোটে কী কী ব্যবস্থা নিলে ওর ভালো হতে পারে, সব জানিয়েছি।’
মুস্তাফিজ যেখানে খেলতে যাচ্ছেন, বোলিংয়ে ঝড় তুলছেন সেখানেই। এটি যদি মুদ্রার আলোকিত পিঠ হয়, মুদ্রার অন্য পিঠে থাকছে চোট নিয়ে দুশ্চিন্তা।