আবারও কাঠগড়ায় নারাইন
ঘরোয়া টি-টোয়েন্টিতে সন্দেহজনক অ্যাকশনের জন্য একাধিকবার অভিযুক্ত হয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম সেই কালি লাগল সুনীল নারাইনের গায়ে। শ্রীলঙ্কার সঙ্গে তৃতীয় ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের এই অফ স্পিনারের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে নারাইনের বিরুদ্ধে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি হাত বাঁকানোর অভিযোগ উঠেছিল। অ্যাকশন ঠিক করে আবার ফিরেছেন মাঠে, কিন্তু আবারও ম্যাচ রেফারির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।
বিশ্বকাপের আগে অ্যাকশন শুধরে নিয়েছিলেন, কিন্তু তারপরও নারাইন নিজেকে সরিয়ে নিয়েছেন দল থেকে। আইপিএলে ফেরার পর আবার অভিযোগ ওঠে, এবার নিষেধাজ্ঞা জারি হয় তাঁর অফ ব্রেকের ওপর। সেটা আবার ঠিক করেন, তখনই তাঁকে চূড়ান্ত সতর্কবার্তা দেওয়া হয়।
এক বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কা সফর দিয়েই আবার ফিরেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ৩ ওয়ানডেতে ১৮ গড়ে ৪ উইকেট, ফেরাটা মন্দ হয়নি। কিন্তু আবারও প্রশ্নবিদ্ধ তাঁর বোলিং অ্যাকশন। এখন ১৪ দিনের মধ্যে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। এই সময়ের মধ্যে অবশ্য বল করতে পারবেন। ক্রিকইনফো।