আবারও গেইল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহানেসবার্গে আজও এক ঝলক গেইল-বিনোদন! ছবি: রয়টার্স
জোহানেসবার্গে আজও এক ঝলক গেইল-বিনোদন! ছবি: রয়টার্স

ক্রিকেটে মাঝে-মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে, যার ব্যাখ্যা পাওয়া কঠিন! ২০০৭ সালের ১১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের কথা মনে আছে? এই জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে ক্রিস গেইলের ১১৭ রানের সুবাধে ২০৫ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। হার্শেল গিবসের ৯০ রানের সুবাধে সে ম্যাচ ৮ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা।
আজ ঠিক তার উল্টো ঘটনা। ফাফ ডু প্লেসির ১১৯ রানের সুবাধে ২৩১ রান করল প্রোটিয়ারা। তবুও ৪ বল হাতে রেখে ৪ উইকেটে ম্যাচ জিতল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে এত রান তাড়া করে জেতার রেকর্ড এই প্রথম। সেদিন গিবসের ৯০ রান ব্যর্থ করে দিয়েছিল গেইলের সেঞ্চুরি! আজ গেইলের ৯০ রান ব্যর্থ করে দিল ফাপ ডু প্লেসির সেঞ্চুরি! ২০০৭ সালের সেই ম্যাচে টসে জিতে প্রথম ফিল্ডিং নেওয়া দল জিতেছিল। আজও তা-ই! তবে দুটি ম্যাচেই সেরা গেইল।
কদিন আগেই প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ যাচ্ছেতাইভাবে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই হাজির হয় ভিন্ন চেহারায়। দলের অধিকাংশ সদস্যই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। দক্ষিণ আফ্রিকার দেওয়া তাই ২৩২ রানের লক্ষ্যটা গায়েই মাখলেন না গেইল-মারলন স্যামুয়েলস। মূলত গেইল-স্যামুয়েলসের দ্বিতীয় উইকেটে তোলা ৭১ বলে ১৫২ রানই হারাল স্বাগতিকদের। ৪১ বলে ৯০ করে ফিরেছেন গেইল। ৯টি চার ও ৭টি ছয়ে ইনিংস সাজিয়েছিলেন গেইল। অন্যদিকে ৩৯ বলে ৬০ করে ফেরেন স্যামুয়েলস। ৪ বল বাকি থাকতেই জয়ের দেখা পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে প্রথমে ব্যাট করে ডু প্লেসির ১১৯ রানের সুবাধে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে তোলে ৭ উইকেটে ২৩১। তৃতীয় উইকেটে ডেভিড মিলারকে নিয়ে ১০৫ রানের জুটি গড়েন ডু প্লেসি। ২৬ বলে ৪৭ করে রানআউট হন মিলার। ডু প্লেসি প্রথম ফিফটি করেন ২৩ বলে, পরেরটিও ঠিক ২৩ বলে। মাত্র ১ রানের জন্য রিচার্ড লেভির টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড (৪৫ বলে) ভাঙতে পারেননি ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ৪৬ বলে সেঞ্চুরি টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম। তবে এ রেকর্ড দীর্ঘশ্বাস হয়েই থাকবে ডু প্লেসির। দল না জিতলে এ সব ব্যক্তি অর্জনের কীই-বা মূল্য! তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টেন ক্রিকেট, ক্রিকইনফো।