ক্রিস গেইল কি বিতর্ক ছাড়া আদৌ থাকতে পারবেন? অস্ট্রেলিয়ান উপস্থাপিকাকে অভিসারের প্রস্তাব দিয়ে জরিমানা গুনেছেন। এবারের বিতর্কটা অবশ্য মাঠেই, ইচ্ছা করে রান না নেওয়ায়! এমনও নয় যে, অন্য প্রান্তে শেষ ব্যাটসম্যান আছে, প্রান্ত না বদলালেই ভালো। পরশু বিগ ব্যাশে সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচে ক্রিজে তখন মেলবোর্ন রেনেগেডসের উদ্বোধনী জুটি। তারপরও বলটা লং অনে পাঠিয়েও গেইল দৌড়ালেনই না, ফিরিয়ে দিলেন সঙ্গী টম কুপারকে। এমনিতে দৌড়ের ব্যাপারে একটু অনীহা আছে, কাজটা চার-ছয় মেরে করতেই ভালোবাসেন। কিন্তু টি-টোয়েন্টিতে ১ রানও অনেক সময় জয়-পরাজয় ঠিক করে দেয়। ধারাভাষ্যকারেরা তাই তীব্র সমালোচনা করেছেন গেইলের। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং তো এটাও বলে ফেললেন, ‘এটা আমার জীবনে দেখা সবচেয়ে অবিশ্বাস্য ও হাস্যকর ক্রিকেট।’ হাতেনাতেই অবশ্যই শাস্তি পেয়েছেন গেইল, আউট হয়ে গেছেন পরের বলেই। এএফপি।