আবারও জিতল অস্ট্রেলিয়া
সাউদাম্পটনে আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার ৩০৫ তাড়া করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গিয়েছিল ২৪৬ রানে। কাল লর্ডসে ইংল্যান্ডের সামনে লক্ষ্যটা ছিল ৪ রান বেশি, ওভার একটি কম! এ ম্যাচটাও জিততে পারল না ইংল্যান্ড, এবার অলআউট হয়ে গেল ২৪৫ রানে। ৬৪ রানের জয় নিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
তাড়া করতে নেমে একাই লড়ে গেছেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৮৭ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংসও খেলেছেন, কিন্তু যোগ্য সঙ্গী হিসেবে পাননি কাউকে।
তবে ম্যাচ ছাপিয়ে বড় হয়ে উঠেছে বেন স্টোকসের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট নিয়ে বিতর্ক। ইংল্যান্ডের ইনিংসে ২৬তম ওভারে বোলার মিচেল স্টার্কের স্টাম্প সোজা থ্রো থেকে বাঁচতে হাত দিয়ে বল ধরে ফেলেছিলেন স্টোকস। স্টার্কের আবেদনের পর আউট ঘোষণা করা হয় ইংলিশ ব্যাটসম্যানকে। যদিও ম্যাচ শেষে এটা নিয়ে অসন্তুষ্টিই জানিয়েছেন ইংলিশ অধিনায়ক মরগান। বলেছেন, তিনি হলে আউটের আবেদনই করতেন না। রমিজ রাজা, মহিন্দর অমরনাথ, ইনজামাম-উল-হক, মোহাম্মদ হাফিজ, আনোয়ার আলীর পর ওয়ানডের ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হলেন মরগান।
এর আগে সকালে বৃষ্টির কারণে খেলা ৪৯ ওভারে কমিয়ে আনার পর দিনের দ্বিতীয় বলেই স্টিভেন ফিনের বলে আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ডেভিড ওয়ার্নারকে। পরে জানা গেছে, বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে ওয়ার্নারের। এই সিরিজেই আর খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান ওপেনার। স্টার স্পোর্টস।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৪৯ ওভারে ৩০৯/৭ (স্মিথ ৭০, মার্শ ৬৪, বেইলি ৫৪, ম্যাক্সওয়েল ৪৯; স্টোকস ৩/৬০, ফিন ২/৫৫)।
ইংল্যান্ড: ৪২.৩ ওভারে ২৪৫ (মরগান ৮৫, টেলর ৪৩; কামিন্স ৪/৫৬, ম্যাক্সওয়েল ২/৪৪)।
ম্যান অব দ্য ম্যাচ: মিচেল মার্শ।