স্যামুয়েলসের ব্যাটে মান বাঁচাল কুমিল্লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামুয়েলসের ৬০ রানে লড়াই করার পুঁজি পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছবি শামসুল হক।
স্যামুয়েলসের ৬০ রানে লড়াই করার পুঁজি পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ছবি শামসুল হক।

সিলেট সিক্সারসই কি এবারের বিপিএলে সবচেয়ে শক্তিশালী বোলিং আক্রমণ? অন্তত শুরুর ওভারগুলোতে সেরকমই মনে হচ্ছে। সিলেট স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে পাওয়ারপ্লেতেই প্রাণ ওষ্ঠাগত হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা কুমিল্লা শেষ অবধি মান বাঁচিয়েছে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা মারলন স্যামুয়েলসের ব্যাটে। তাঁর ৬০ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৫ রান তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে কুমিল্লাকে বেশ স্বচ্ছন্দে এগিয়ে নিচ্ছিলেন ইমরুল-লিটনের ওপেনিং জুটি। বিনা উইকেটে রান উঠেছিল ৩৬। কিন্তু নাসির আর তাইজুল দ্রুত দুই ওপেনারকে বিদায় করেন। জস বাটলারকেও ২ রানেই ফেরান তাইজুল। এরপর অলক কাপালি আর মারলন স্যামুয়েলসের জুটিতে ঘুরে দাঁড়ায় কুমিল্লা। স্যামুয়েলস-কাপালির ৪২ রানের জুটিতে ম্যাচে ফেরে ভিক্টোরিয়ানস। কিন্তু ১৯ বলে ২৬ রান করে বিপজ্জনক হয়ে ওঠা কাপালিকে বাউন্ডারিতে সাব্বির রহমানের ক্যাচ বানিয়েছেন ক্রিসমার সান্টোকি। শেষমেশ স্যামুয়েলসই হয়ে ওঠেন কুমিল্লার ত্রাতা। আগের আসর গুলোয় নিজেকে প্রমাণ করেছিলেন নির্ভরতার প্রতীক হিসেবে। আজও দলের বিপদের মুখে তাঁর ৪৭ বলে ৬০ রানেই মোটামুটি একটা স্কোর দাঁড় করাতে পেরেছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা।
বোলিং আক্রমণের শুরুটা এই ম্যাচেও করেছিলেন নাসির। পাওয়ারপ্লেতে বোলিং করতে যেন সিদ্ধহস্ত হয়ে উঠেছেন এই ডানহাতি অফ-স্পিনার। আজও ৪ ওভার বল করে ১৮ রানে তুলে নিয়েছেন ইমরুল কায়েসের উইকেট। ডট বল করেছেন ১২ টি। তবে কুমিল্লাকে এর চেয়েও বেশি ভুগিয়েছেন তাইজুল ইসলাম। পরপর দুই বলে তিনি ফেরান করেছেন লিটন দাস ও জস বাটলারকে। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন এই বাঁহাতি।