আবারও ডিআরএস নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে নাথান লায়নকে দেওয়া ‘নটআউট’ সিদ্ধান্ত ঘিরে ডিআরএস-বিতর্কের রেশ পুরোপুরি যায়নি এখনো। তার মধ্যেই আবারও আলোচনায় ক্রিকেটে এই প্রযুক্তিটির কার্যকারিতা। হ্যামিল্টন টেস্টে বিতর্কিত আউট হলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান উদারা জয়াসুন্দরা।
ঘটনাটি কাল শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ২৩তম ওভারে। ডগ ব্রেসওয়েলের একটি বলে জয়াসুন্দরার বিপক্ষে নিউজিল্যান্ডের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি মাঠের আম্পায়ার পল রাইফেল। রিভিউ নেয় নিউজিল্যান্ড। হটস্পট কিংবা স্নিকোমিটার—কোনোটিতেই বল জয়াসুন্দরার গ্লাভসে লেগেছে কি না, নিশ্চিত হওয়া যায়নি। তবে পেছনের ক্যামেরায় ধরা ছবিতে দেখা যায়, গ্লাভস পেরোনোর পর বলের দিক পরিবর্তন করেছে। তৃতীয় আম্পায়ার রিচার্ড কেটলবরো সেটি দেখেই হয়তো ‘আউট’ দিয়ে দিলেন জয়াসুন্দরাকে। যে সিদ্ধান্তের পর শুধু শ্রীলঙ্কান ব্যাটসম্যানই নন, মাঠের আম্পায়ার পল রাইফেলকেও অসন্তুষ্ট মনে হয়েছে।
দিন শেষেও এ সিদ্ধান্তটি নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বোলিং কোচ চম্পকা রামানায়েকেও, ‘আমি টিভিতে যা দেখেছি, তাতে আমার এটা নটআউটই মনে হয়েছে। আম্পায়ারিং নিয়ে কিছু বলতে পারব না। সিদ্ধান্ত যা-ই হোক, আমাদের মেনে নিতে হয়েছে। তবে ডিআরএস নিয়ে খুব গুরুত্বের সঙ্গে আলোচনার এটাই সময়। অনেক ভুলভ্রান্তি হচ্ছে।’
অ্যাডিলেডে লায়নকে দেওয়া আম্পায়ার নাইজেল লংয়ের ‘নটআউট’ সিদ্ধান্তটা যে ভুল ছিল, সেটা কিন্তু পরে বিবৃতি দিয়ে স্বীকার করেছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। এখানে কী হয়, দেখা যাক! ক্রিকইনফো।