আবারও তাইজুল-বিস্ময়


স্বভাবে অন্তর্মুখী, কথাবার্তায় স্বল্পভাষী, আচরণে বিনয়ী আর উদ্যাপনে পরিমিত—একবাক্যে এই হলেন ক্রিকেটার তাইজুল ইসলাম। কাল এক মুহূর্তের জন্য যেন দেখা গেল অন্য তাইজুলকে!
না, স্বভাব-আচরণ তাঁর পাল্টানোর নয় বলেই মনে হয়। পাল্টে গেল কাল উদ্যাপনটা। এই তো, এই মিরপুরেই বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন মাস খানেক আগে। ওই দিনই পরে ব্যাট হাতে দারুণ গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলে দলকে নিয়ে গেছেন জয়ের ঠিকানায়। উদ্যাপনে তখনো উচ্ছ্বাস ছিল, কিন্তু কালকের মতো বাঁধনহারা ছিল না। সেই তাইজুল কাল অন্য চেহারায়। চাতারাকে বোল্ড করেই শূন্যে লাফালেন, চিৎকার করলেন। বুক ফুলিয়ে দুহাত বাড়ালেন, যেন আলিঙ্গন করবেন টইটম্বুর গ্যালারির উন্মত্ত সব দর্শককে। গর্বভরে চাপড় মারলেন নিজের বুকে!
হ্যাটট্রিক এমনই কাঙ্ক্ষিত এক কীর্তি, অনেকে যখন হারিয়ে ফেলে নিজেকেও। ক্রিকেট মাঠ রাঙানো কত কত বিখ্যাত বোলারের ক্যারিয়ার শেষ হয়ে গেছে এই স্বাদ না পেয়েই! এক নিঃশ্বাসেই অনেকগুলো নাম বলে ফেলা যায় যাঁরা হ্যাটট্রিক পাননি ওয়ানডেতে—শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, অ্যালান ডোনাল্ড, শন পোলক, অনিল কুম্বলে, কোর্টনি ওয়ালশ, কার্টলি অ্যামব্রোস, ক্রেইগ ম্যাকডারমট...। তাই সেই অমৃতের স্বাদ তাইজুল পেয়ে গেলেন অভিষেকেই। উদ্যাপন অমন হবে না তো কী!
তবে ‘অন্য তাইজুল’ শুধু ওই উদ্যাপনেই। পরে যথারীতি ঢুকে গেছেন নিজের মধ্যে। সংবাদ সম্মেলনে তাঁর সেই উচ্ছ্বাস খুঁজে পাওয়া কঠিন। ভেতরে খুশি নিশ্চয়ই আছে। নেই মুখে, প্রতিক্রিয়ায়, ভাবভঙ্গিতে। হ্যাটট্রিকের প্রতিক্রিয়ায় যেন নিজের বোলিং বিশ্লেষণের বর্ণনা দিয়ে গেলেন শুধু, ‘এটা আমার প্রথম ম্যাচ, ওয়ানডেতে অভিষেক। হ্যাটট্রিক করেছি, ৭ ওভার বোলিং করেছি, ১১ রান দিয়েছি। অনেক ভালো বোলিং হয়েছে, ভালো লাগছে।’
মাঠের ওই তাৎক্ষণিক উচ্ছ্বাস ছিল কেবল হ্যাটট্রিকের আনন্দে। তখনো জানতেন না, একটা জায়গায় তিনিই ১ নম্বর। ওয়ানডে ইতিহাসে তিনি ২২০৭ নম্বর ক্রিকেটার, কিন্তু অভিষেকে হ্যাটট্রিক নেই আর কারও! এটা জানেন কি না প্রশ্নের জবাবে শুধু মাথা নাড়ালেন, অর্থাৎ জানেন! খুব এক চোট হাসাহাসি হলো এটা নিয়ে। পাশে বসা মাশরাফি ও মুশফিকও হাসলেন শরীর কাঁপিয়ে। পরে আবার নানাভাবে বলেটলে ইতিহাস গড়ার এই প্রতিক্রিয়াটুকু পাওয়া গেল, ‘এটা পরে জেনেছি, বড় ভাইরা বলেছেন। জানার পরে ভালো লাগছে, আমি প্রথম যে এটা করতে পেরেছে।’
বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নিয়মিত ভালো করছেন বলে অনেকটা সেই ছাপ লেগে গিয়েছিল গায়ে। রঙিন পোশাকে প্রথম ম্যাচেই বুঝিয়ে দিলেন, ধারণা ভুল। তবে হ্যাটট্রিক করে অভিষেক তো আর কেউ কল্পনা করতে পারে না, ভাবতে পারেননি তাইজুলও। তাঁর ভাবনা ছিল শুধু ‘ডট’ বল করে যাওয়া। হ্যাটট্রিক বলটার আগে পরামর্শ পেলেন উইকেটকিপার মুশফিকের কাছ থেকে, ‘মুশফিক ভাই বলছিলেন স্টাম্পে বল কর, তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা থাকে। সেটাই করেছি, আল্লাহর রহমতে কাজ হয়েছে। ভালো লেগেছে।’ এই হলেন তাইজুল, সর্বোচ্চ উচ্ছ্বাসের চূড়ান্ত প্রকাশও যাঁর স্রেফ ‘ভালো লাগছে।’
তাতে ক্ষতি নেই একটুও। অনুভূতির প্রকাশ পরিমিত থাকুক, কীর্তি হোক আকাশছোঁয়া!
ওয়ানডে অভিষেকে ৪ উইকেট
বিপক্ষ ভেন্যু সাল
৫/২৮ তাসকিন আহমেদ ভারত মিরপুর ২০১৪
৪/১১ তাইজুল ইসলাম জিম্বাবুয়ে মিরপুর ২০১৪
৪/২৯ সোহাগ গাজী ও. ইন্ডিজ খুলনা ২০১২
৪/৩৩ রুবেল হোসেন শ্রীলঙ্কা মিরপুর ২০০৯
তাইজুল-কীর্তি
ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার তাইজুল। এর আগে পাকিস্তানের জালালউদ্দিন করেছিলেন দ্বিতীয় ম্যাচে, যেটি ওয়ানডে ইতিহাসের প্রথম হ্যাটট্রিক। তৃতীয় ম্যাচে করেছিলেন অস্ট্রেলিয়ার অ্যান্থনি স্টুয়ার্ট।
তাইজুলের আগে বাঁহাতি স্পিনে হ্যাটট্রিক করতে পেরেছিলেন শুধু বাংলাদেশেরই আবদুর রাজ্জাক।
হ্যাটট্রিক করা বাংলাদেশের চতুর্থ বোলার তাইজুল। ২০০৬ সালে করেছিলেন শাহাদাত হোসেন, ২০১০ সালে রাজ্জাক, গত বছর রুবেল হোসেন।
বাংলাদেশের চার হ্যাটট্রিকের তিনটিই মিরপুরে, শাহাদাতেরটি হারারেতে।
অভিষেকে তাইজুলের চেয়ে (৪/১১) ভালো বোলিং আছে বাংলাদেশের আর শুধু তাসকিন আহমেদের (৫/২৮)।
টেস্ট-ওয়ানডে দুটিতেই অভিষেকে ৪ উইকেট আছে তাইজুল ছাড়া বাংলাদেশের আর শুধু সোহাগ গাজীর। ইলিয়াস সানির আছে টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেকে।