আবারও দুই বলে দুই উইকেট, শতক হলো না বাভুমার
নাহ, টেম্বা বাভুমার অপেক্ষা আরও বাড়ল। এ জন্য মেহেদী হাসান মিরাজকে শাপ-শাপান্ত করতে পারেন প্রোটিয়া ব্যাটসম্যান, নাকি উইকেটকে?
ডারবান টেস্টের দ্বিতীয় দিনেই মেহেদী হাসান মিরাজের ওই বলটা যে এত বাঁক নেবে তা ভেবেছে কে! বাভুমা নিজেও হয়তো ভাবেননি। একটু সরে জায়গা করে খেলতে গিয়ে বোল্ড!
ব্যক্তিগত ৯৩ রানে বাভুমা ব্যাট করছিলেন। মিরাজের অফ স্টাম্পের বাইরে পড়া বল একটু সরে স্কয়ার কাট খেলার চেষ্টা করেন বাভুমা। বল প্রত্যাশার বেশি বাঁক নিয়ে তাঁর পায়ে লেগে স্টাম্প ভেঙে দেয়।
এর মধ্য দিয়ে শতকের সুবাস পেতে পেতে বঞ্চিত হলেন বাভুমা। টেস্টে তাঁর সর্বশেষ শতক ২০১৬ সালে কেপ টাউনে ইংল্যান্ডের বিপক্ষে। ছয় বছর পর আবারও তিন অঙ্কের খুব কাছাকাছি গিয়েও পারলেন না বাভুমা। এর মধ্য দিয়ে বাভুমা-মহারাজের ৫৩ রানের জুটিও ভেঙে দেন বাংলাদেশের বোলাররা। মুমিনুল হকের মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল এ জুটি।
মিরাজ উইকেট পেয়েছেন ৯৮তম ওভারের শেষ বলে। পরের ওভারে পেসার ইবাদত হোসেন এসে প্রথম বলেই ‘স্যালুট’ দেন কেশব মহারাজকে। অর্থাৎ আউট! ইবাদতের ভেতরে ঢোকানো ডেলিভারিটি মহারাজের ব্যাট ও প্যাডের ফাঁক গলে স্টাম্প ভেঙে দেয়।
অর্থাৎ, এবারও টানা দুই বলে দুই উইকেট নেই দক্ষিণ আফ্রিকার। আজ সকালের সেশনে ৮৩তম ওভারে খালেদ আহমেদও দুই বলে দুই উইকেট নেন। একটি হারালে আরও একটি হারাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সকালের সেশনে ৪ উইকেট তুলে নেওয়া বাংলাদেশের বোলারদের সফলই বলতে হবে।
৪ উইকেটে ২৩৩ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। মধ্যাহৃভোজের আগে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করছেন সাইমন হারমার ও লিজাড উইলিয়ামস। ২টি করে উইকেট ইবাদত ও মিরাজের। ৩ উইকেট খালেদের।