আবারও দুর্দান্ত রাজ্জাক

এবার ঢাকা প্রিমিয়ার লিগে নিজের প্রথম ৫ উইকেট পেয়েছিলেন কদিন আগেই। এক ম্যাচ বিরতি দিয়ে আবারও দেখা মিলেছে দুর্দান্ত আবদুর রাজ্জাকের। বাঁহাতি স্পিনার আজ বিকেএসপিতে খেলাঘরের বিপক্ষে পেয়েছেন ৫ উইকেট। তবে ম্যাচটা রাজ্জাকের দল জিততে পারবে কি না এখনো বলার উপায় নেই। শ্বাসরুদ্ধকর ম্যাচে তাঁর দল শেখ জামালের এখনো দরকার ১৮ বলে ২২ রান, হাতে ২ উইকেট।
টস জিতে ব্যাটিং নেওয়া খেলাঘরের ভালো শুরু এনে দেন দুই ওপেনার রবিউল ইসলাম ও সালাউদ্দিন পাপ্পু। তাঁদের ওপেনিং জুটিতে আসে ৮৩। পাপ্পুকে বোল্ড করে জুটি ভাঙেন রাজ্জাক। ১৩ রানের মধ্যে ২ উইকেট হারানো খেলাঘরকে এগিয়ে নেয় তৃতীয় উইকেটে অমিত মজুমদার-রবিউলের ১২৬ রানের জুটি। অমিতকে (৫৮) ফিরিয়ে এই জুটিও ভাঙেন রাজ্জাক। ৩৪ বছর বয়সী স্পিনারের শিকার হন রবিউলও। তবে তাঁরা আগে প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন খেলাঘরের ওপেনার। ৫২ রানে রাজ্জাক পেয়েছেন ৫ উইকেট। প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ২১ উইকেট নিয়ে এই মুহূর্তে বোলারদের মধ্যে সবার ওপরেই আছেন জাতীয় দলে উপেক্ষিত এই স্পিনার।