আবারও নুরুল হাসানের ব্যাটে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানআউট হয়ে ফিরছেন নুরুল। ছবি: প্রথম আলো
রানআউট হয়ে ফিরছেন নুরুল। ছবি: প্রথম আলো

নুরুল হাসানের রানিং বিটুইন দ্য উইকেট বরাবরই প্রশংসনীয়। এক রানকে দুইয়ে কিংবা দুইকে তিন বানাতে তাঁর জুড়ি নেই। আজ বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে সুপার লিগের তৃতীয় রাউন্ডেও উইকেটে দারুণ তৎপর ছিলেন প্রাইম ব্যাংকের উইকেটকিপার-ব্যাটসম্যান। কিন্তু এটিই যেন বিপদ ডেকে আনল নুরুলের।

৪৮তম ওভারের তৃতীয় বলটা মিড অনে পাঠিয়েছিলেন ইয়াসির আলী। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা নুরুল ছুটলেন দুই রানের লক্ষ্যে। প্রায় অসম্ভব রানটা নিতে গিয়ে তাইজুল ইসলামের হাতে রানআউট! সমাপ্তি ঘটল তাঁর ৭৫ রানের অসাধারণ ইনিংসটির।

এমনিতে এবারের প্রিমিয়ার লিগে বিকেএসপি পয়া মাঠ হয়ে উঠেছে নুরুলের কাছে। ১৪ ম্যাচে তিনি যে ৪৮৭ রান করেছেন, এর ৩১৭ এসেছে (৬ ম্যাচে) এই মাঠে। আর প্রতিপক্ষ রূপগঞ্জ হলে তো কথাই নেই। লিগে তাঁর একমাত্র সেঞ্চুরিটি এসেছে রূপগঞ্জের বিপক্ষে, বিকেএসপিতেই। ব্যাট হাসল তাঁর আজও।

রূপগঞ্জের নিয়ন্ত্রিত বোলিংয়ে শম্বুকগতিতে এগোতে থাকা প্রাইম ব্যাংকের ব্যাটিংয়ে উজ্জ্বলতম নাম নুরুল ৭০ বলে করেছেন ফিফটি। সামনে ছিল তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি। পরের ২৬ বলে ২৫ রান যোগ করে ফিরেছেন রানআউটে কাটা পড়ে।


বাউন্ডারির চেয়ে নুরুলের বেশি মনোযোগ এক-দুই রানেই। আজও ব্যতিক্রম হয়নি। ৭৫ রানের ৩২ এসেছে বাউন্ডারি থেকে, বাকি ৪৩ রান দৌড়ে। ২৬তম ওভারে তাইজুলকে লং অন দিয়ে একবার উড়িয়ে মেরেছিলেন। ৬টি চারের সঙ্গে ছয়ের মার ওই একটিই।

পঞ্চম উইকেট জুটিতে তাইবুর রহমানের সঙ্গে ৭৪ রান যোগ করে প্রাইম ব্যাংককে বড় স্কোরের আশাই দেখাচ্ছিলেন নুরুল। কিন্তু পবন নেগির বলে লং অনে সৌম্য সরকারের ক্যাচ হয়ে ৩৫ রান করে তাইবুর ফিরলে সেটি আর সম্ভব হয়নি। স্লগ ওভারে বেশি রান তুলতে না পারার ব্যর্থতাও আরেকটি কারণ। শেষ ১০ ওভারে প্রাইম ব্যাংক তুলেছে ৫৬, শেষ ৫ ওভারে ২৯ রান।

রূপগঞ্জের ভারতীয় অলরাউন্ডার নেগি নিয়েছেন ৩০ রানে ২ উইকেট। তাইজুল পেয়েছেন ৪০ রানে ১ উইকেট।