আবারও পথহারা পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিংয়ে এসেই ম্যাক্সওয়েল তুলে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট ছবি: এএফপি
বোলিংয়ে এসেই ম্যাক্সওয়েল তুলে নিয়েছেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট ছবি: এএফপি

অধিনায়ক মিসবাহ-উল-হক আর হারিস সোহেলের জুটিটি দারুণ জমে উঠেছিল। তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করে এই জুটি শুরুর বিপর্যয়টা বেশ ভালোই সামাল দিচ্ছিলেন। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে আরও ৩ উইকেট হারিয়ে পাকিস্তানের ইনিংসকে দিকভ্রান্তই লাগছে। 
অধিনায়ক মাইকেল ক্লার্ক গ্লেন ম্যাক্সওয়েলের ওপর আস্থা রেখেছিলেন। অধিনায়ককে সেই আস্থার প্রতিদানটা বেশ ভালোভাবেই দিয়েছেন এই অফব্রেক বোলার। তুলে নিয়েছেন মিসবাহ আর উমর আকমলের উইকেট। মিসবাহকে ডিপ মিড উইকেটে অ্যারন ফিঞ্চের ক্যাচে পরিণত করে তৃতীয় উইকেটে ক্রমশ বিপজ্জনক হয়ে ওঠা জুটিটা ভাঙেন তিনিই। দ্রুত রান তোলার অভিপ্রায়ে মিসবাহ’র স্লগ সুইপটিই খুলে দেয় পাকিস্তানি মিডল অর্ডারের আরও একটি ভাঙনের পথ। ৩৪ রান করা মিসবাহ এই মুহূর্তে পাকিস্তানের অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। এই তালিকার শীর্ষে আছেন ইমরান খান।
হারিস সোহেল করেছেন ৪১। তিনি অবশ্য মিচেল জনসনের শিকার। জনসনের বলে উইকেটরক্ষক হাডিনেরও শিকার তিনি।
মিসবাহ-সোহেল সাজঘরের পথ ধরলে ইনিংস টেনে নিয়ে যাওয়ার দায়িত্বটা ছিল উমর আকমলের কাঁধে। কিন্তু ব্যর্থ তিনিও। ম্যাক্সওয়েলের বলে তাঁর ক্যাচটিও ধরেছেন অ্যারন ফিঞ্চ। শহীদ আফ্রিদি আর শোয়েব মাকসুদ চেষ্টা করেছিলেন আরও একটি জুটি গড়ার। আফ্রিদি ১৫ বলে ২৩ রান করে হ্যাজেলউডের বলে ওই ফিঞ্চের হাতেই ধরা পড়েছেন। মাকসুদ অপরাজিত আছেন ১৫ রানে। পাকিস্তানের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৬ উইকেটে ১৫৮ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাক্সওয়েল ও হ্যাজেলউডের সংগ্রহ ২টি করে উইকেট। স্টার্ক ও জনসন নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন একটি করে।