আবারও পাকিস্তান দলে চোট, আসছেন গুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও সাকিবদের মুখোমুখি গুল। ছবি: এএফপি
আবারও সাকিবদের মুখোমুখি গুল। ছবি: এএফপি

পাকিস্তান দল পড়েছে মহা বিপাকে। এমনিতে মাঠে বাজে পারফরম্যান্স, তার ওপর আবার একের পর চোট। এরই মধ্যে চোটাক্রান্ত হয়ে দেশে ফিরেছেন ব্যাটসম্যান শোয়েব মাকসুদ, পেসার সোহেল খান ও লেগ স্পিনার ইয়াসির শাহ। চোটের মিছিলে সর্বশেষ যোগ দিলেন পেসার এহসান আদিল। হ্যামস্ট্রিং চোটাক্রান্ত আদিলের জায়গায় আসছেন উমর গুল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, আজ রাতেই বাংলাদেশে এসে পৌঁছার কথা গুলের। গুল অবশ্য পাকিস্তান টি-টোয়েন্টি দলে আগ থেকেই ছিলেন। তবে আদিলের চোটে একটু আগেভাগেই চলে আসতে হচ্ছে তাঁকে। পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা বললেন, ‘বাংলাদেশে আসার আগেই আদিল কিছুটা চোটাক্রান্ত ছিল। আমরা ভেবেছিলাম সেরে যাবে। আজ আবারও তাকে পরীক্ষার পর জানলাম, চোটটা ভীষণ বেড়েছে। ফিজিও জানালেন, আগামী সাত দিনের মধ্যে তার সেরা ওঠার সম্ভাবনা নেই। এ কারণে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে।’

ওদিকে চোটের কারণে বিশ্বকাপ খেলা হয়নি গুলের। গত দুই বছর ধরেই চোটের সঙ্গে লড়ছেন পাকিস্তানি পেসার। ২০১৩ সালের চোটের কারণে ছিটকে পড়েছিলেন দল থেকে। এ নিয়ে চতুর্থবার চোট কাটিয়ে দলে ফিরলেন গুল। তথ্যসূত্র: এএফপি, ক্রিকইনফো।