আবারও বাংলাদেশি বোলিংয়ে কোণঠাসা জিম্বাবুয়ে

ব্রেন্ডন টেলর শেষ পর্যন্ত আউট হয়েছেন অদ্ভুতূড়ে এক ঢংয়েছবি: জিম্বাবুয়ে ক্রিকেট টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটিং পাওয়ার প্লে-তে উইকেট। মাঝের ওভারে উইকেট। উইকেট এসেছে ডেথ ওভারেও। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পর আজ দ্বিতীয় ম্যাচেও বল হাতে আরেকটি নির্ভুল বোলিং পারফরম্যান্স দেখাল বাংলাদেশ।

আর তাতে টসে জিতে আদর্শ ব্যাটিং কন্ডিশনে আগে ব্যাট করেও জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪০ রান। সিরিজ জিততে বাংলাদেশের দরকার ২৪১ রান।

স্কোরবোর্ডে এমন রান দেখে নিশ্চয়ই মাথা চাপড়াতে চাইবেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্র্যান্ডন টেলর। আজ সকাল থেকেই হারারেতে সূর্য ঝলমল করছিল। প্রথম ম্যাচের মতো উইকেটে ছিল না ঘাস। এক কথায় ব্যাটিংয়ের জন্য আজকের কন্ডিশন ছিল আদর্শ।

এমন উইকেটে টসে জিতে ব্যাটিং নিতে দ্বিধা করেননি টেলর। চেয়েছিলেন দলের তরুণ ব্যাটসম্যানরা যেন চাপমুক্ত ব্যাটিং করতে পারেন। কিন্তু এই বাংলাদেশি বোলিংয়ের সামনে সে সুযোগ খুব কমই পেয়েছে জিম্বাবুয়ে। যখন পেয়েছেন, তখন জিম্বাবুয়ের ব্যাটসম্যানরাই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ।

এ ক্ষেত্রে বড় ভুলটা করেছেন অধিনায়ক টেলরই। তিনি অদ্ভুতুড়ে উপায়ে ওভাবে আউট না হলে জিম্বাবুয়ে হয়তো আরও কিছু রান পেত!

দারুণ ছন্দে থাকা তাসকিন আহমেদের নতুন বলে জিম্বাবুয়ে ওপেনার তিনাশে কামুনহুকামুয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হন ইনিংসের প্রথম ওভারেই। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানি সেই তাসকিনের বলেই দুবার জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি, ১৩ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে।

শরীফুল ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন।
ফাইল ছবি: প্রথম আলো

এরপর দুই অভিজ্ঞ রেজিস চাকাভা ও টেলর জুটি গড়ে রান বাড়াতে থাকেন। সাকিব এসে ২৬ রানে ব্যাট করা চাকাভাকে বোল্ড করলেও টেলরের ব্যাটিং আশা জাগাচ্ছিল। পেসের বিপক্ষে তিনি ছিলেন সাবলীল, স্পিনেও তা-ই। এমন সময় অমার্জনীয় ভুলটা করে বসেন টেলর। ২৫তম ওভারে শরীফুলের বাউন্সার ছেড়ে খেলেছিলেন ঠিকমতোই, কিন্তু এরপর মনের ভুলে নিজের ব্যাট স্টাম্পে টেনে আনেন জিম্বাবুয়ে অধিনায়ক!

দুই আম্পায়ার যখন বিষয়টি খতিয়ে দেখতে থার্ড আম্পায়ারের কাছে যান, তখন শরীফুল ও বাংলাদেশ দলের ফিল্ডাররা টেলরের কান্ডে হাসাহাসি করছিলেন। ৫৭ বল খেলে ৪৬ রান করা টেলরকে মাঠ ছাড়তে হয় হিট উইকেট হয়ে।

সাকিব দুই উইকেট নিয়েছেন।
ছবি: টুইটার

শরীফুলের সেই হাসিটা ইনিংসের বাকি সময়ও ছিল দৃশ্যমান। কারণ এরপর আরও তিন উইকেট নিয়ে ছোট্ট ক্যারিয়ারের সেরা বোলিংই করেছেন বাঁহাতি পেসার। গত ম্যাচে ওপেনিংয়ে খেলা তরুণ অলরাউন্ডার ওয়েসলি মাধেভেরে ৫৬ রানের ইনিংস খেলে জিম্বাবুয়ের রান আড়াই শ-তে পৌঁছে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। শরীফুল ৪৫তম ওভারে এসে মাধভেরেকে অধিনায়ক তামিমের দারুণ ক্যাচ বানিয়ে ছাড়েন।

চোট থেকে ফেরা অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাও দ্রুত রান তোলার চেষ্টায় আউট হন ৩০ রান করে। সাইফউদ্দিনের দারুণ বোলিংয়ের শিকার হন তিনি। এরপর জিম্বাবুয়ে ব্যাটিং থেকে লড়াই শব্দটা উধাও হয়ে যায়। ১০ ওভারে ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেওয়া তরুণ বাঁহাতি পেসার শরীফুল ছিলেন বাংলাদেশ দলের সর্বোচ্চ উইকেট শিকারি। ২ উইকেট নিয়েছেন সাকিব।