আবারও ব্যর্থ গেইল
বিপিএল শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারিগুলো ছেয়ে গিয়েছিল বরিশাল বুলসের রংবাহারি বিজ্ঞাপনে। যে দলে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্রিস গেইল থাকেন, সেই দলটি এমন বিজ্ঞাপিত হতেই পারে! মজাটা হলো, গেইল এলেন আর বদলে গেল বরিশাল। উল্টোভাবে। আগের ছয় ম্যাচে ৫টি জয়ে উড়তে থাকা দল গেইলকে নিয়ে হারল টানা দুই ম্যাচে। বরিশালের এখন দুটি রূপ—গেইল আসার আগে এবং পরে।
প্রথম ম্যাচে ৮ রান করেছিলেন গেইল, ‘ধারাবাহিকতা’ অক্ষুণ্ন রেখে কাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষেও আউট হলেন ৮ রানে। আগের দিন ৫৮ রানে আউট বরিশাল, কাল ১০৫ রানে। হারের বৃত্তেই ঘুরপাক, কাল হার ৭ উইকেটে। বিপিএল শুরুর আগে যে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে সেভাবে কেউ বাজি ধরেনি, তারাই সবার আগে নিশ্চিত করল শেষ চার।
গেইলকে শুরুতেই ফিরিয়ে দিয়েই যে পথে যাত্রা শুরু। ঢাকায় পা রেখেই জ্যামাইকান বাঁহাতি মুখে হাসি ছড়িয়ে বলেছিলেন, ‘দেখা হবে ছক্কায়।’ দুই ম্যাচ খেলে ফেলার পর মনে হচ্ছে, কী রসিকতাই না করেছেন গেইল! তবে প্রথম ম্যাচে একটি ছক্কা তিনি হাঁকিয়েছিলেন। কালকের ম্যাচে তা-ও পারেননি, মেরেছেন শুধু একটি চার। অধিনায়ক মাহমুদউল্লাহ সর্বোচ্চ রান করেছেন। তবে সেটি মাত্র ২৬।
মাত্র ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৪ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল কুমিল্লা। লিটন-ইমরুল দুই ওপেনারই ফিরেছেন শূন্য রানে। শেষ পর্যন্ত কুমিল্লা দেখাল ‘পাকিস্তান শো’, মানে পাকিস্তানিদের ব্যাটিংবিক্রম আর কী! আহমেদ শেহজাদের অপরাজিত ৭৬ রানের পাশে আসহার জাইদির অপরাজিত ২০ আর শোয়েব মালিকের ৮ রান নিয়ে ১৫ বল বাকি থাকতেই জিতে গেছে মাশরাফির দল। আক্ষরিক অর্থেই মাশরাফির দল। বোলিং করেননি, ব্যাটিংও নয়—কাল খেললেন শুধু অধিনায়ক মাশরাফি।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বুলস: ২০ ওভারে ১০৫/৬ (মাহমুদউল্লাহ ২৬, রনি ১৯, সাব্বির ১৭; জাইদি ২/১২, স্টিভেনস ১/৯, মালিক ১/১৫)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৭.৩ ওভারে ১০৬/৩ (শেহজাদ ৭৬*, জাইদি ২০*; আল আমিন ১/১১, সাজেদুল ১/১৮)।
ফল: কুমিল্লা ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আহমেদ শেহজাদ।
শেষ চার নিশ্চিত
কুমিল্লা, রংপুর ও বরিশাল
চতুর্থ স্থানের জন্য ত্রিমুখী লড়াইয়ে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম
আজ ঢাকার কাছে হেরে গেলে বিদায় নেবে চট্টগ্রাম