আবারও ভারত বনাম আইসিসি!

শিরোনামটা দেখে একটু রং চড়ানোই মনে হতে পারে। মূল ঘটনা হাতিঘোড়া কিছু নয়। সেটাকে ‘যুদ্ধে’র রূপ দেওয়া অনেকের চোখেই মনে হতে পারে বাড়াবাড়ি। কিন্তু কলকাতার বাংলা দৈনিক ‘আনন্দবাজার’-এর শিরোনাম আপনাকে দুবার ভাবাবে। যে শিরোনাম বলছে, ‘জাদেজার জরিমানা ঘিরে বোর্ড বনাম আইসিসি যুদ্ধের ঘণ্টা’!
ঘটনার শুরু ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের আগে এবং লাঞ্চের সময়। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও ভারতের রবীন্দ্র জাদেজার মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ ঘটনায় জাদেজাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করে আইসিসি। অ্যান্ডারসনের ব্যাপারে সিদ্ধান্ত এখনো হয়নি। সেটি জানা যাবে ১ আগস্ট।
অ্যান্ডারসনও হয়তো শাস্তি হবে। তবে ভারতীয় শিবির আপাতত ক্ষুব্ধ জাদেজার শাস্তি নিয়ে। তাদের দৃষ্টিতে এ ঘটনায় অন্যায়ভাবে শাস্তি পেয়েছেন জাদেজা। জাদেজার শাস্তি প্রত্যাহারের আবেদন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে ‘আবেদন’ শব্দটার মধ্যে যে বিনয় ও আকুতি আছে, সেটা কিন্তু তাদের কথাবার্তায় মোটেও মনে হচ্ছে না। বরং তাদের কথাবার্তায় আছে ঝাঁজ।
ভারতের দৃষ্টিকোণ থেকে অবশ্য ঝাঁজ থাকাই স্বাভাবিক। কারণ, এ ঘটনায় জাদেজার কোনো অপরাধ তারা দেখছে না। ঘটনার সাক্ষী মহেন্দ্র সিং ধোনি কাল সরাসরিই বলেছেন, ‘এটা আমার দৃষ্টিতে কঠোর একটা শাস্তি হয়ে গেছে।’ ধোনি এমনও মন্তব্য করেছেন, কিছু না করেই যদি শাস্তি ভোগ করতে হয় তো কিছু করাই ভালো। ধোনি বলেছেন, ‘তার চেয়ে আমি বরং সেই লোকটাকে গালাগাল দিয়েই না হয় শাস্তি ভোগ করি! কারণ, ব্যাপারটা তো এখন এমনটাই দাঁড়াল যে আমাকে অন্য একজনের গালাগালও খেতে হবে আবার নিজের ৫০ শতাংশ ম্যাচ ফি-ও গচ্চা দিতে হবে!’
তবে ইংল্যান্ডের দাবি একেবারেই অন্য রকম। এ ঘটনার সাক্ষী দিতে দিয়ে ম্যাট প্রায়র ম্যাচ রেফারি ডেভিড বুনকে বলেছেন, জাদেজা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট উঁচিয়ে অ্যান্ডারসনের দিকে তেড়ে গিয়েছিলেন। প্রথম ধাক্কাটাও জাদেজাই মেরেছেন।
জাদেজা-ইস্যুতে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসির বিরুদ্ধে শক্ত অবস্থানই নিতে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, আইসিসির চেয়ারম্যান কিন্তু এখন ভারতেরই—এন শ্রীনিবাসন। শুধু তা-ই নয়, ইংল্যান্ড বনাম ভারতের মাঠের বাইরের এই যুদ্ধে প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যেতে পারে এমন দুই বোর্ড, কয়দিন আগেই যারা আইসিসির ক্ষমতার ভাগ-বাঁটোয়ারাতে ত্রিপক্ষীয় মিত্রশক্তি হিসেবেই ছিল।
ঘটনা ভালোয় ভালোয় সামাল দেওয়া গেলেই ভালো। না হলে হরভজন বনাম সাইমন্ডসের সেই ‘মাঙ্কি-গেট কেলেঙ্কারি’র রূপ নিলে হয়তো আরও একবার ভদ্রলোকের খেলার পরিচিতিটায় একটা আঁচড় পড়বে ক্রিকেটের। আর ‘আনন্দবাজার’-এর শিরোনামটা সত্যি হলে, নড়েচড়ে বসুন! সূত্র: আনন্দবাজার ও ক্রিকইনফো।