
সেটিও ছিল বিশ্বকাপের বছর, ১৯৮৭। এমনই এক জানুয়ারিতে ভিভ রিচার্ডস ছুঁয়েছিলেন ৫ হাজার ওয়ানডে রান। মাইলফলক ছুঁতে ‘কিং ভিভে’র লেগেছিল মাত্র ১১৪ ইনিংস। মাঝে প্রায় ২৮ বছরে হয়ে গেছে ৩ হাজারের বেশি ওয়ানডে। দেড় বছর আগে বিরাট কোহলি ছুঁয়েছিলেন ভিভকে। কাল ডারবানে ভিভের দলের বিপক্ষে ম্যাচেই ভিভের নাম মুছে দিলেন হাশিম আমলা। ৫ হাজার ছুঁলেন মাত্র ১০১ ইনিংসে!
দ্রুততম তিন ও চার হাজার রানের রেকর্ডেও ভিভকে ছাড়িয়েছিলেন আমলা, এর আগে গড়েছেন দ্রুততম ২ হাজার রানের রেকর্ড। রেকর্ড গড়া ইনিংসে ৬৬ বলে ৬৬ করে আমলা কাটা পড়েছেন রানআউটে। রাইলি রুশো ও ফাফ ডু প্লেসি আউট হয়েছিলেন রানের খাতা খোলার আগেই। তবে আমলার সঙ্গে দাঁড়িয়ে যান ডি ভিলিয়ার্স (৮১)। ডেভিড মিলার করেন ৬৮ বলে ৭০। ৩৯ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৩ উইকেটে ২৩৮। কিন্তু ৪১ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ। ৪৮.২ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ২৭৯/৮, বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। পরে আবার খেলা শুরু হলে বৃষ্টি আইনের আশ্রয়ে ৩৩ ওভারে ২২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডোয়াইন স্মিথ (১০) ও ক্রিস গেইলকে (৪১) হারিয়ে ৭ ওভারে ৫৪ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে বাকি ২৬ ওভারে সফরকারীদের করতে হবে ১৭৫ রান। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৪৮.২ ওভারে ২৭৯/৮ (ডি ভিলিয়ার্স ৮১, মিলার ৭০, আমলা ৬৬; টেলর ২/৫০, রাসেল ২/৫১, হোল্ডার ১/৫২, বেন ১/৫৯)।
ওয়েস্ট ইন্ডিজ: ৭ ওভারে ৫৪/২ (গেইল ৪১, স্মিথ ১০; ফিল্যান্ডার ১/২৫, স্টেইন ১/৯) অসমাপ্ত।