আবারও শীর্ষে সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন সাকিব। ছবি: প্রথম আলো
আবারও ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষ স্থানটা নিজের করে নিয়েছেন সাকিব। ছবি: প্রথম আলো

টেস্ট ও টি-টোয়েন্টি—এই দুই ফরম্যাটেই আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছেন সাকিব। কিছু দিন আগে ওয়ানডেতেও র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেও নেমে যেতে হয়েছিল তাঁকে। আজ প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে ওয়ানডের শীর্ষস্থানটা আবারও ফিরে পেয়েছেন তিনি। ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিবের শীর্ষস্থান বিশ্বকাপের আগে দারুণ এক প্রেরণাই হয়ে থাকছে বাংলাদেশের জন্য।
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেও কিছু দিন আগে স্থানটা খোয়াতে হয়েছে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ম্যাথুসের ব্যর্থতা সাকিবকে আবারও ফিরিয়ে দিয়েছে তাঁর শীর্ষস্থানটি।
বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব একটি দিক দিয়ে ছাড়িয়ে গেছেন আর সবাইকেই। ক্রিকেটে ব্যক্তিগত র‍্যাঙ্কিং চালু হওয়ার পর আর কোনো ক্রিকেটারের পক্ষেই সব ফরম্যাটে শীর্ষ স্থানে নাম লেখানো সম্ভব হয়নি। সাকিবই একমাত্র ক্রিকেটার, যিনি টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—ক্রিকেটের এই তিন ফরম্যাটেই পারফরম্যান্সে শীর্ষ স্থানে বসেছেন।
আজ প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট আগের ৪০৩-ই থাকছে। তবে নিউজিল্যান্ড সিরিজে বাজে খেলায় অ্যাঞ্জেলো ম্যাথুসের রেটিং পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৯৩। তিনি আছেন দ্বিতীয় স্থানে। ৩৮৯ পয়েন্ট নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স সাকিবকে ফিরিয়ে দেয় টেস্টের অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটা। এই সিরিজের পরপরই হাফিজকে পেছনে ঠেলে দিয়ে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডর হিসেবে শীর্ষ স্থানটা নিজের করে নেন তিনি।