আবারও সেই একই ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপের স্মৃতি কি মনে আছে বিসিবি কর্তাদের? ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও তিন বছরের মধ্যে ভুলে যাওয়ার কথা নয়।
২০১১: ৫০ ওভারের বিশ্বকাপের আগে হঠাৎ করেই সব ভুলে শুধু ওয়ানডে ক্রিকেট নিয়ে উঠেপড়ে লাগল বিসিবি। নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে দুটি টেস্টই ছেঁটে পাঁচ ওয়ানডের সিরিজ খেলল বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ধবলধোলাই করা সিরিজটা বাংলাদেশের ক্রিকেটে ঐতিহাসিক হয়ে থাকবে চিরকাল। কিন্তু আসল উদ্দেশ্যটা কি পূরণ হয়েছিল? এত ওয়ানডে চর্চা করেও দেশের মাটির বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ও ঢাকতে পারেনি ৫৮ আর ৭৮ রানে অলআউটের লজ্জা।
২০১২: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি ক্রিকেটের বন্যায় ভাসাল বিসিবি। ওয়ানডে বা টেস্ট সিরিজ খেলার চেষ্টা না করে আয়ারল্যান্ড ও হল্যান্ড ঘুরে খেলল ৬টি টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের প্রস্তুতি বলে কথা! কিন্তু বিশ্বকাপে এই টি-টোয়েন্টি শিক্ষার প্রভাব দেখা গেল না। বিদায় নিতে হলো গ্রুপ পর্বের দুই ম্যাচেই বাজেভাবে হেরে।
আগামী মার্চ-এপ্রিলে পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে। বিসিবির যা চিন্তা, তাতে এবারও একই ভুলের পুনরাবৃত্তির শঙ্কা জাগছে। পরশু মিরপুরে বিপিএল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসানের কথাতেও ছিল সেই ইঙ্গিত। এশিয়া কাপ, বিশ্বকাপ মিলে সামনে অনেক টি-টোয়েন্টি ম্যাচ। এর প্রস্তুতি হিসেবে জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটির টেস্ট সিরিজটাকে নাকি টি-টোয়েন্টি সিরিজে বদলে দেওয়ার কথা ভাবা হচ্ছে।
প্রস্তাবটা নাকি জিম্বাবুয়ে বোর্ড থেকেই এসেছে। উপমহাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একই কন্ডিশনে টি-টোয়েন্টি অনুশীলন করতে তাদের আগ্রহ থাকারই কথা। কিন্তু জিম্বাবুয়ে চাইলেই সেটা হতে হবে কেন? বাংলাদেশ দলের জন্য তো আর কন্ডিশন চেনার কোনো ব্যাপার নেই। নিজেদের স্বার্থই বরং আগে দেখা জরুরি। আর সেটা হলো টেস্টের দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা।
যে পদে আছেন, তাতে সরাসরি মন্তব্য করার সুযোগ নেই প্রধান নির্বাচক ফারুক আহমেদের। তবে রেখে-ঢেকেও কাল যা বললেন, টেস্ট বাদ দিয়ে শুধু টি-টোয়েন্টি খেলার পক্ষে মনে হলো না তাঁকে, ‘এটা পুরোপুরিই বোর্ডের নীতিনির্ধারণী ব্যাপার। সাধারণত সামনে যে খেলাটা থাকে, সে ফরম্যাটটাকেই প্রাধান্য দেওয়া হয়। নীতিনির্ধারকেরা হয়তো এভাবে চিন্তা করছেন। তবে আমার মনে হয়, খুব বেশি না হলেও অন্তত একটি-দুটি দীর্ঘ পরিসরের ম্যাচ খেললে খারাপ হবে না।’
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমানও বিশ্বকাপের আগে শুধু টি-টোয়েন্টি খেলার বিপক্ষে, ‘আমি মনে করি, সব ফরম্যাটের খেলাই খেলা উচিত। অন্য যেসব দল এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে, তারা কি এখন টেস্ট খেলছে না?’
টি-টোয়েন্টি দর্শক বিনোদন আর ক্রিকেট-বাণিজ্যের বাহন হতে পারে, তবে খেলোয়াড়দের ব্যাটিং-বোলিংয়ের সমস্যা দূর করার আদর্শ জায়গা এটি নয়। একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারেন। মার খেয়ে গেলে তা করার সুযোগও হয় না। ব্যাটসম্যানদেরও নেমেই চালাতে হয়। অনেক সময় তো মেলে না ব্যাটিংয়ের সুযোগই! টেস্ট ম্যাচ যেখানে ব্যাটিং-বোলিং সবকিছুরই পরিপূর্ণ প্রস্তুতির সুযোগ দেয়। নাঈমুর যেমন বলছিলেন, ‘টেস্টে ভালো খেললে সেটার প্রভাব অন্য খেলাতেও পড়ে।’
নাঈমুরই জানালেন, জিম্বাবুয়ের বিপক্ষে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। আগামীকাল ক্রিকেট পরিচালনা বিভাগের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানে হয়তো টেস্টের বাক্সেই ভোট পড়বে বেশি। শঙ্কা একটাই, টি-টোয়েন্টির হুজুগের স্রোতে ভেসে যাবে না তো সেই ভোট বাক্স!