আবারও সেই নাসির জামশেদ
স্পট ফিক্সিংয়ের সঙ্গে বারবার জড়িয়েছে তাঁর নাম। কিছুদিন আগে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধও করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই নাসির জামশেদের বিরুদ্ধে এবার স্পট ফিক্সিং তদন্তে অসহযোগিতা ও বাধা দেওয়ার অভিযোগ এনেছে পিসিবি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ে জড়িত থাকার কারণে নিষিদ্ধ হন দুই পাকিস্তানি ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। জামশেদ অবশ্য পিএসএলে দল পাননি। তবে তাঁকে ঘিরে সন্দেহ ছিল, তিনি খেলোয়াড় আর জুয়াড়িদের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেছেন।
একই অভিযোগে গত মাসে লন্ডনে গ্রেপ্তার হন জামশেদ। তবে এপ্রিল পর্যন্ত জামিন পান তিনি। এর আগে ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম আসরেই স্পট ফিক্সিং-সংক্রান্ত বিষয়ে জুয়াড়িদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছিল জামশেদের বিরুদ্ধে। ঢাকার মিরপুর থানা-পুলিশ তাঁকে আটকও করেছিল। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। এএফপি।
পাকিস্তানের হয়ে ২টি টেস্ট, ৪৮টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি খেলেছেন জামশেদ। ছিলেন ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ দলেও।