আবারও সেই মরিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরিসের ব্যাটে দক্ষিণ আফ্রিকা পেল দারুণ জয়। ছবি: এএফপি।
মরিসের ব্যাটে দক্ষিণ আফ্রিকা পেল দারুণ জয়। ছবি: এএফপি।

লক্ষ্যটা খুব যে আহামরি বড় ছিল, তা বলা যাবে না। কেপটাউনে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ১৩৪ রান তাড়া করতেই ৭ উইকেট হারিয়ে বেশ বিপাকেই পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তাদের জন্য শেষ ওভারে প্রয়োজনীয় ১৫ রানও বেশ কঠিনই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত দলকে জয় এনে দিলেন ক্রিস মরিস। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচেও দারুণ ব্যাট করে যিনি দলকে জিতিয়েছিলেন।

অথচ, ইংল্যান্ডের ১৩৪ রান তাড়া করতে নেমে হাশিম আমলার ২২, ফ্যাফ ডু প্লেসির ২৫ আর জেপি ডুমিনির ১৩ রানে সুবিধাজনক অবস্থানেই ছিল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ৯৮ থেকে বেশ দ্রুতই রাইলি রুশো (১৮) আর ডেভিড মিলারকে (১৩) হারিয়ে বিপদেই পড়ে যায় তারা।

শেষ ওভারে স্ট্রাইকে ছিলেন কাইল অ্যাবট। টপলির প্রথম বলেই প্রান্ত বদল করে ফেলেন অ্যাবট। পরের দুই বলে একটি চার ও একটি ছয়ে প্রথম ৩ বলেই সমীকরণটা সহজ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। চতুর্থ বলে কোনো রান নয়। শেষ দুই বলে ২ টি করে রান নিয়ে মরিস দক্ষিণ আফ্রিকাকে পৌঁছে ​দিলেন জয়ের বন্দরে। ৭ বলে ১৭ রানে অপরাজিত মরিস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে আসে ইংল্যান্ড। ৩.৪ ওভারে ৩৮ রান তুলে দলকে ভালো একটা শুরু এনে দেন দুই ওপেনার জেসন রয় ও অ্যালেক্স হেলস। কিন্তু ব্যক্তিগত ১৫ রানে রয় আউট হওয়ার​ পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। জশ বাটলার ৩০ বলে ৩২ রান করে অপরাজিত থাকলেও ইংল্যান্ড ৮ উইকেটে ১৩৪-এর বেশি করতে পারেনি। ম্যাচসেরা ইমরান তাহির ২১ রানে নিয়েছেন ৪ উইকেট।

এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০-তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ টি-টোয়েন্টি আগামীকাল, জোহানেসবার্গে। সূত্র: এএফপি।