আবারও সেঞ্চুরি আমলার

গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডের দুটিতেই সেঞ্চুরি। হাশিম আমলার ব্যাটে সেঞ্চুরির সেই ধারা বজায় থাকল কালও। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে করেছেন অপরাজিত ১২২ রান। এ বছরে খেলা চার ওয়ানডের তিনটিতেই সেঞ্চুরি! আমলার ১৫তম ওয়ানডে সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাও জিতেছে ৯৩ রানে।
দক্ষিণ আফ্রিকা ৩ উইকেটে করে ৩০৯ রান। ডি কক ও ডু প্লেসির সঙ্গে আমলার দুটি শতরানের জুটিই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে যায় ওই পর্যন্ত। ১৩২ বলের ইনিংসটিতে আমলা ৬টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।
তিন অভিষিক্ত খেলোয়াড়কে নিয়ে মাঠে নামা জিম্বাবুয়ে ৩৪ রানেই হারায় ৩ উইকেট। এরপর মাসাকাদজা-উইলিয়ামস গড়েন ঠিক ১০০ রানের জুটি। বাকিদের মধ্যে চিগুম্বুরাই যা একটু লড়াই করেছেন। তথ্যসূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৩ (আমলা ১২২*, ডি কক ৬৩, ডু প্লেসি ৫৯; নিয়ুম্বু ২/৫২, উতসেয়া ১/৪৪)। জিম্বাবুয়ে: ৪৯.৫ ওভারে ২১৬ (মাসাকাদজা ৬১, উইলিয়ামস ৫১, চিগুম্বুরা ৩৬; ফানগিসো ৩/৪৩, তাহির ৩/৪৪, পারনেল ২/৪৩)। ফল: দক্ষিণ আফ্রিকা ৯৩ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: হাশিম আমলা।