আবারও সোনার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে উল্লসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমাদের এই উল্লাস পদক জয়েরও। এই জয়েই যে এশিয়াডের রুপা ধরে রাখা নিশ্চিত হয়েছে l প্রথম আলো
শ্রীলঙ্কাকে সেমিফাইনালে হারিয়ে উল্লসিত বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমাদের এই উল্লাস পদক জয়েরও। এই জয়েই যে এশিয়াডের রুপা ধরে রাখা নিশ্চিত হয়েছে l প্রথম আলো

বাংলাদেশের সাংবাদিকেরা ব্যস্ত পান্না ঘোষের সঙ্গে কথা বলতে। কোচ চাম্পিকা গামাগিকে ঘিরে ততক্ষণে তৈরি হয়ে গেছে একটা বলয়। বলয়টা শ্রীলঙ্কান সাংবাদিকদের। শ্রীলঙ্কার মানুষ, অথচ মাস খানেক আগে বাংলাদেশ মহিলা দলের কোচ হয়ে সেই চাম্পিকাই হারিয়ে দিলেন কালুভিথারানা আর চম্পকা রামানায়েকেদের শ্রীলঙ্কা মহিলা দলকে! দীর্ঘদেহী চাম্পিকাকে নিয়ে হঠাৎই তাই আগ্রহ শ্রীলঙ্কান মিডিয়াতে।
ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠে তার একটু আগেই শেষ হয়েছে মেয়েদের ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনাল। মোটামুটি জমে ওঠা এই ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। এতে রুপার পদকটা ধরে রাখার পাশাপাশি নিশ্চিত হলো ইনচন এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে না বাংলাদেশ। একই মাঠে আজ দুপুরে ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। কালই হওয়া প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মেয়েরা চীনকে হারিয়েছে ৯ উইকেটে। গত এশিয়াড ক্রিকেটের সোনার লড়াইয়ের পুনর্মঞ্চায়ন হয়ে ওঠা ফাইনালে এবার কি সালমা খাতুনের দল প্রতিশোধ নিতে পারবে পাকিস্তানের বিপক্ষে? নিতে পারলে সে হবে ‘সোনায় সোহাগা’।
এক শর আশপাশে রান করলেই জেতা যাবে, ইনচন এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের জন্য এটা যেন নির্ধারিত বিষয়। কোয়ার্টার ফাইনালে ১০৭ রান করে নেপালকে হারানোর পর কাল তো শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটে ৯৫ রান করেও জিতে গেল বাংলাদেশ মহিলা দল! এই জয়ে অবশ্য বড় ভূমিকা পান্না ঘোষের। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার মেয়েদের ৭০ রানে ধসিয়ে দেওয়ার কাজটা এই পেসারেরই। প্রথম ওভারে ২ উইকেট তুলে নিয়ে পান্না শুরুতেই চেপে ধরেছিলেন শ্রীলঙ্কাকে। পরে আরও ৩ উইকেট নিয়ে এশিয়ান গেমসে প্রথমবারের মতো খেলতে আসা শ্রীলঙ্কার মেয়েদের মাথাই তুলতে দেননি তিনি।

এর আগে বাংলাদেশের মেয়েদের ব্যাটিং হয়েছে আগের ম্যাচের চেয়েও হতাশাজনক। টি-টোয়েন্টির ঝড়-গতি সবই অনুপস্থিত ব্যাটিংয়ে। অবশ্য বাংলাদেশের রান যে এক শ পার হলো না, সে দায় কিছুটা ধীরগতির আউটফিল্ডেরও। এরই মধ্যে লতা মণ্ডল করেছেন ৪৩ বলে অপরাজিত ৩৪ রান, ৩৩ বলে ২২ করেছেন ফারজানা হক।

পান্না ঘোষ: ১০ রানে ৫ উইকেট
পান্না ঘোষ: ১০ রানে ৫ উইকেট


এই ব্যাটিংয়ের পর পান্নার ওই বিধ্বংসী বোলিংটা না হলে জিততে কষ্টই হতো বাংলাদেশ মহিলা দলের। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়ে তাই দারুণ খুশি পান্না, ‘জীবনে এ নিয়ে দুবার ৫ উইকেট পেলাম। এর আগে ২০০৭ সালে মালয়েশিয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলাম। আমার জন্য এটা বিশাল ব্যাপার।’ পান্নাই জানালেন, ৯৫ রান করার পরও জয়ের আশাই করেছিলেন তাঁরা, ‘আমাদের লক্ষ্য ছিল জয়। সেটা পেয়ে আমরা আনন্দিত। বাউন্ডারি যাতে না হয় আমরা সেভাবে বল করেছি, সেভাবেই ফিল্ডিং সাজানো হয়েছে।’ সেমিফাইনালে জয়ের পেছনে তিনি বেশি দেখছেন টিম স্পিরিটের ভূমিকাই। আশা, ফাইনালেও ধরে রাখতে পারবেন সেটি, ‘ফাইনালেও আজকের (গতকাল) মতো লড়াই করার চেষ্টা করব। এই টিম স্পিরিট ধরে রাখব। টিম স্পিরিট ভালো ছিল বলেই আমরা এই ম্যাচটা জিতেছি।’
ফাইনাল নিয়ে আশাবাদী কোচ চাম্পিকা গামাগিও। শুধু আশাবাদী বললে ভুল হবে, প্রতিপক্ষ পাকিস্তানকে তিনি দেখছেন বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা দল হিসেবে, ‘পাকিস্তান ততটা ভালো দল নয়। এই উইকেটে আমরা যদি এক শর কাছাকাছি রানও করতে পারি, আমার মনে হয় আমাদের জেতার ভালো সুযোগ থাকবে।’ আর নিজের দেশ শ্রীলঙ্কাকে যে হারালেন, সেটার প্রতিক্রিয়া? হাসতে হাসতেই বললেন, ‘আমার জন্য খুবই আনন্দের মুহূর্ত এটি। কারণ আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। এখন ফাইনালে পাকিস্তানের সঙ্গে খেলা। স্বপ্নপূরণের আরও কাছাকাছি আমরা।’
সালমা-জাহানারারা কি পারবেন সোনালি স্বপ্নটা পূরণ করতে?
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ৯৫/৪ (লতা ৩৪*, ফারজানা ২২, অতিরিক্ত ১৫, সালমা ১৪, আয়েশা ৭)।
শ্রীলঙ্কা: ১৮.২ ওভারে ৭০ (শ্রীবর্ধনে ১৫, কুমারিহামি ১১, সুরঙ্গিকা ৯; পান্না ৫/১০, রুমানা ২/১১, সালমা ১/১২)।
ফল: বাংলাদেশ ২৫ রানে জয়ী।