আবারও হঠাৎ মাঠবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ডের প্রথম তিন ম্যাচের ভেন্যু অদল-বদল করে আলোচনার জন্ম দিয়েছিল সিসিডিএম। একাদশ রাউন্ডের ম্যাচ নিয়েও ঘটল একই ঘটনা। এই রাউন্ডে অদল-বদল হলো শেষ তিন ম্যাচের দুটির ভেন্যু।
নবম রাউন্ডের ভেন্যু পরিবর্তনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল আবাহনী-প্রাইম দোলেশ্বরের গুরুত্বপূর্ণ ম্যাচটি মিরপুর থেকে বিকেএসপিতে নিয়ে যাওয়া। এবার আলোচনা লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্সের ম্যাচটিও মিরপুর থেকে বিকেএসপিতে নিয়ে যাওয়া নিয়ে। গত ২৯ মে ঘোষিত সূচি অনুযায়ী ৮ জুন মোহামেডান-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটি হওয়ার কথা বিকেএসপিতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্সের ম্যাচ।
কিন্তু কাল এই দুই ম্যাচের ভেন্যু অদল-বদল করে পরিবর্তিত সূচি ঘোষণা করেছে সিসিডিএম। মোহামেডান-শেখ জামাল ধানমন্ডির ম্যাচ এখন হবে মিরপুরে, বিকেএসপিতে ব্রাদার্সের বিপক্ষে খেলবে রূপগঞ্জ। ভিক্টোরিয়া-গাজী গ্রুপের ম্যাচটি হবে ফতুল্লাতেই।
রূপগঞ্জের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার অভিযোগ, ‘সুপার লিগে উঠলে আমাদের ক্লাব থেকে বিসিবির পরবর্তী নির্বাচনে দুজন কাউন্সিলর যাবে। সে জন্যই আমাদের সুপার লিগের পথ আটকাতে চাচ্ছে একটি মহল। মিরপুর থেকে তাই ম্যাচ বিকেএসপিতে নেওয়া হয়েছে। কারণ সেখানে আম্পায়ারদের প্রভাবিত করার সুযোগ বেশি।’ আবাহনী-প্রাইম দোলেশ্বরের ম্যাচের পর বিকেএসপিতে কাল রূপগঞ্জ-শেখ জামালের ম্যাচেও বিতর্কিত আম্পায়ার দাঁড় করানো হয়েছে। আম্পায়ারিং নিয়েও আছে বিতর্ক। কাজেই অভিযোগটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অবশ্য এ বিষয়ে হাস্যকর একটি যুক্তি দিয়েছেন সিসিডিএমের সমন্বয়ক আমিন খান, ‘মোহামেডান-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সুপার লিগে উঠতে হলে দুই দলেরই জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ ম্যাচটি আমরা মিরপুরে রাখতে চেয়েছি।’
ম্যাচের গুরুত্ব বুঝে ভেন্যু ঠিক করা হলে আগে তা ঘোষণার কী দরকার, সেটি সিসিডিএম কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।