আবারও হুমকি পিসিবির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও পুরোনো হুমকি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিবি মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিশ্চিত না করলে সে দেশের খেলোয়াড়দের বিপিএলে খেলার অনুমতি দেওয়া হবে না। তিন বছর আগে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফর বাতিল করার পরও একই পরিস্থিতি হয়েছিল। বিপিএলের দ্বিতীয় আসরে পাকিস্তানের ক্রিকেটারদের খেলতে দেয়নি পিসিবি।
কালকের খবরটা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে। তাতে পিসিবির কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক মন্তব্য নেই। আছে শুধু একটি সূত্রের উদ্ধৃতি, যাতে বলা হয়েছে, ‘এ মাসের শেষে বা অক্টোবরে বাংলাদেশ তাদের মেয়েদের দলকে পাকিস্তানে পাঠায় কি না, সেটা আগে নিশ্চিত হতে চায় বোর্ড।’ বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্যই করতে রাজি হননি।
কিছুদিন আগে বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দল লাহোর ও করাচি সফর করে এসেছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত হবে মেয়েদের দলকে পাকিস্তানে পাঠানো হবে কি না। সিদ্ধান্ত যাহোক, সেটা ২০ সেপ্টেম্বরের আগে হওয়ার সম্ভাবনা কম। বর্তমানে কানাডা সফররত বিসিবি সভাপতি নাজমুল হাসানের সেদিনই দেশে ফেরার কথা।
বোর্ড সভাপতি এর আগে বলেছেন, বিপিএলে খেলোয়াড় পাঠানোর ব্যাপারে পিসিবির কোনো শর্ত নেই। বিসিবির আরেকটি সূত্রের দাবি, ২০১২ সালের প্রতিশ্রুত সফরটি না করায় পিসিবিকে এর মধ্যেই বিসিবি ২ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এরপর নাকি দুই বোর্ডের মধ্যে আর কোনো ‘পুরোনো হিসাব’ থাকার কথা নয়।