আবারও হুমকি স্মিথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে শোনা গিয়েছিল, গতকালই সমঝোতা চুক্তি হয়ে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) মধ্যে। গতকাল আবার অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যমের খবর, চুক্তি হয়নি, তবে সেটা বুধবারই (আজ) হয়ে যাবে। সত্যিটা হচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত বলে ধরে নেওয়ার উপায় নেই। বিশেষ করে, গতকালই যখন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ আবার হুমকি দিয়েছেন, চুক্তি ছাড়া বাংলাদেশের বিমানে উঠবেন না তাঁরা।

দ্য অস্ট্রেলিয়ান অবশ্য গতকাল লিখেছে, বেতন-ভাতা নিয়ে সমঝোতা চুক্তির খুব কাছে চলে এসেছে সিএ ও এসিএ। পত্রিকাটির দাবি, খেলোয়াড়দের দাবির মুখে রাজস্ব বণ্টন নীতিটা ঢেলে সাজিয়েছে সিএ। তৃণমূল পর্যায় ও নারী ক্রিকেটারদের জন্যও এসিএর চাওয়া অনুযায়ী অর্থ বরাদ্দ দিতে রাজি হয়েছে বোর্ড। খেলোয়াড়েরাও নিজেদের কিছু দাবিতে ছাড় দিয়েছেন। সব মিলিয়ে মূল জটিলতাগুলো অনেকটাই কেটে গেছে।

অবশ্য দ্য অস্ট্রেলিয়ান-এর এই খবরের আগে গতকাল ফক্স স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে অধিনায়ক স্টিভেন স্মিথও বলেছেন, ‘আলোচনায় বেশ ভালো অগ্রগতি হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এখনো চূড়ান্ত হওয়া বাকি।’ তবে এর পাশাপাশি আবার হুমকিও দিয়ে রেখেছেন, ‘আমরা অবশ্যই চাই (বাংলাদেশ সফরে যেতে), তবে শুরু থেকেই আমরা যেটা বলে আসছি, আগে চুক্তি হতে হবে। সিএও এই ব্যাপারটা জানে। প্যাট হাওয়ার্ডকে (সিএর টিম পারফরম্যান্স ম্যানেজার) আমি ব্যক্তিগতভাবেই বলেছি, চুক্তি না হলে কী কী হতে পারে।’ মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের কথাও, ‘যেভাবে “এ” দলের ক্রিকেটাররা শক্ত অবস্থান নিয়ে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে, তারপর চুক্তি না করে আমাদের সফরে যাওয়াটা ঠিক হবে না।’

এর আগে গত বৃহস্পতিবার সিএর প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছিলেন, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে দুই পক্ষ যদি সমঝোতায় না পৌঁছাতে পারে, ব্যাপারটি স্বাধীন ও দ্রুত মধ্যস্থতাকারী সালিশি আদালতে ছেড়ে দেওয়া হবে। সেখান থেকে যে সমাধান দেওয়া হবে, তা মেনে নিতে হবে দুই পক্ষকেই। দ্য অস্ট্রেলিয়ান, ক্রিকেট অস্ট্রেলিয়া।