আবারও 'মানকাড' আউট করতে চেয়েছিলেন অশ্বিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও ‘মানকাড’ আউট করার চেষ্টা করেছিলেন রবিচন্দ্র অশ্বিন। ছবি: এএফপি
আজও ‘মানকাড’ আউট করার চেষ্টা করেছিলেন রবিচন্দ্র অশ্বিন। ছবি: এএফপি
আইপিএলে আজ কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস


দিল্লি ক্যাপিটালসের ইনিংসে তখন ১৩তম ওভারের খেলা চলছে। তৃতীয় বলটা করতে গিয়ে বোলিং ক্রিজে গিয়েই থামলেন রবিচন্দ্র অশ্বিন। এরপর ফিরে গেলেন নিজের বল করার জায়গায়। টিভিতে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জেরকার বলে উঠলেন, অশ্বিন আসলে ধাওয়ানকে সতর্ক করলেন। অর্থাৎ, আরেকবার ওভাবে বেরিয়ে গেলে ‘মানকাড’ আউট করব! যদিও ননস্ট্রাইক থেকে কিছুটা বেরিয়ে গেলেও শিখর ধাওয়ানের ব্যাট দাগের ভেতরেই ছিল।

এবার আইপিএলে অশ্বিনের ‘মানকাড’কাণ্ডের পর থেকেই ননস্ট্রাইকের ব্যাটসম্যানেরা বেশ সাবধানী। বিশেষ করে কিংস ইলেভেন পাঞ্জাব অধিনায়ক বল করতে এলে তাঁরা বেশ সাবধান থাকেন। পাছে আবার জস বাটলারের মতো ভাগ্য বরণ করতে হয়! সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে মজাও করছেন। তবে ডিন জোন্স সম্ভবত আজকের ব্যাপারটা মজার চোখে দেখেননি। অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান টুইটারে জানতে চান, ‘অশ্বিন কি সত্যিই ননস্ট্রাইকের ব্যাটসম্যানকে আবারও রানআউট করার চেষ্টা করেছে?’

আইপিএলে ধারাভাষ্য দিচ্ছেন জোন্স। এর আগে রাজস্থান-পাঞ্জাব ম্যাচে অশ্বিনের হাতে বাটলারের ‘মানকাড’ আউট নিয়ে বিশেষজ্ঞের মতও তাঁকে দিতে হয়েছে। আর অশ্বিন তো সেই আউটের পর ভীষণ সমালোচনার শিকার হন। অশ্বিন যে এমন চেষ্টা আবারও করতে পারেন, তা জোন্সের সম্ভবত বিশ্বাস হয়নি। তাই টুইটারে ওই প্রশ্ন। তবে মাঠের লড়াইয়ে পাঞ্জাব কিন্তু জিততে পারেনি। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬৩ রান তুলেছিল অশ্বিনের দল। তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৫ উইকেটে জিতেছে দিল্লি।

অশ্বিন তখন ধাওয়ানকে আউটের সুযোগ খুঁজে ব্যর্থ হলেও সফল হয়েছেন পরের ওভারেই। হারদাস ভিলিয়নকে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন ধাওয়ান। ঠিকমতো টাইমিং না হওয়ায় বল আকাশে উঠলেও জায়গামতো ফিল্ডার ছিল না। অশ্বিন দৌড়ে এসে দারুণ এক ক্যাচে ধাওয়ানকে তালুবন্দী করেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওই ওভার (১৪তম) শেষে হাতে ৮ উইকেট রেখে জয়ের জন্য ৩৬ বলে ৪৬ রান দরকার ছিল দিল্লির। তার আগে ১ ছক্কা ও ৭ চারে ৪১ বলে ৫৬ রানের ইনিংস খেলে দিল্লিকে জয়ের সুবাস পাইয়ে দেন ধাওয়ান।

দ্বিতীয় উইকেটে শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে ৬৪ বলে ৯২ রানের জুটি গড়েন ধাওয়ান। ভারতের এ ওপেনার আউট হওয়ার পর দিল্লিকে জেতানোর দায়িত্ব সেরেছেন আয়ার। জয়ের জন্য শেষ দুই ওভারে ১০ রান দরকার ছিল দিল্লির। মোহাম্মদ শামির করা ১৯তম ওভারে ৪ রান তুলতে ২ উইকেট হারায় দলটি। এতে ম্যাচ বেশ জমেও ওঠে। জয়ের জন্য শেষ ওভারে ৬ রান দরকার ছিল দিল্লির। ২ বল হাতে রেখেই জয় তুলে নেন দলটি। ৪৯ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন আয়ার।

এর আগে ক্রিস গেইলের ৩৭ বলে ৬৯ রানের ইনিংসে লড়াকু সংগ্রহ পায় পাঞ্জাব। ৫ ছক্কা ও ৬ চারে ঝোড়ো ইনিংসটি খেলেন এই ক্যারিবীয়ান। ২৭ বলে ৩০ রান করেন মন্দ্বীপ সিং। শেষ দিকে ১২ বলে ২০ রান করে পাঞ্জাবের ইনিংসকে দেড়শোর্ধ্ব সংগ্রহ এনে দেন হারপ্রিত ব্রার। দিল্লির হয়ে ৪০ রানে ৩ উইকেট নেন নেপালের লেগ স্পিনার সন্দ্বীপ লামিচাঁনে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে দিল্লি। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে পাঞ্জাব।