আবাহনীই চ্যাম্পিয়ন

আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণে গঠিত কমিটির সুপারিশ—ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকেই ১ পয়েন্ট করে দিয়ে দেওয়া হোক। মিরপুরে আজ বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সেটা জানিয়েও সবাইকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় রাখলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। কারণ তাঁর ‘ইচ্ছা’ ম্যাচটি আবার হোক। শেষ পর্যন্ত অবশ্য সেটা আর হচ্ছে না। কমিটির সুপারিশ অনুযায়ীই নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। ১২ জুনের ম্যাচ থেকে ১ পয়েন্ট পেয়ে মোট ২৩ পয়েন্ট নিয়ে এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনীই। আবাহনী এর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১০-১১ মৌসুমে। এ নিয়ে প্রিমিয়ার লিগে আঠারোতম বারের মতো শিরোপা জিতল ধানমন্ডির ক্লাবটি।
পরিত্যক্ত ম্যাচে অভিযুক্ত খেলোয়াড়দের শাস্তিও ঘোষণা করা হয়েছে আজ। তামিম ইকবালকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি বহিষ্কার করা হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরবর্তী এক ম্যাচ থেকে। প্রাইম দোলেশ্বরের নাসির হোসেনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। এ ছাড়া ম্যাচ পরিচালনা না করে মাঠ ছেড়ে যাওয়ায় দুই আম্পায়ার গাজী সোহেল ও তানভির আহমেদের বিরুদ্ধে আম্পায়ার্স বিভাগের নীতি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেছে কমিটি।