আবাহনীকে ছিটকে দিল গাজী
ব্যাটিং গড়টা আরও ৫৬ বাড়িয়ে নিলেন নাসির হোসেন। জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার গাজী গ্রুপকে আরেকটি জয়ে নেতৃত্ব দিয়ে দলকেও নিয়ে গেলেন শিরোপার আরও কাছে। কাল বিকেএসপিতে ৮০ বল হাতে রেখে আবাহনীকে ৬ উইকেটে হারিয়েছে নাসিরের গাজী। কালকের এই হারে শিরোপা ধরে রাখার স্বপ্নের জলাঞ্জলি হলো আবাহনীর। ফতুল্লায় আজ প্রাইম দোলেশ্বর যদি মোহামেডানের কাছে হেরে যায় বা ম্যাচ টাই হয় তাহলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে গাজী। অন্যদিকে দোলেশ্বর জিতলে ৫ জুন শেষ রাউন্ডে গাজী-দোলেশ্বর ম্যাচেই নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপ।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজীকে মাত্র ১৫৭ রানের লক্ষ্য দিতে পেরেছিল আবাহনী। টস হেরে ব্যাটিং পাওয়া আবাহনী প্রথম দুই ওভারের মধ্যেই হারিয়ে ফেলে দুই ওপেনারকে। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি, অলআউট ৪১.২ ওভারেই। তিনটি করে উইকেট নিয়েছেন দুই অফ স্পিনার মেহেদী হাসান ও নাসির হোসেন।
এরপর রান তাড়ায় ৮৪ রানে ৪ উইকেট হারালেও দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন নাসির। আগের ম্যাচের মতো কালও দলের জয়সূচক রানটা যখন নিলেন, নাসির অপরাজিত ৫৬ রানে। এবারের লিগে সাত ম্যাচের সাত ইনিংসে নাসিরের রান ৪৭৭, মাত্র একবার আউট হওয়ায় গড়টাও তাই ৪৭৭.০০!
পাশের মাঠে মেহেদী মারুফের দ্বিতীয় সেঞ্চুরিতে সহজেই জিতেছে প্রাইম ব্যাংক। শেখ জামালের ২৪২ রান ২ ওভার ও ৫ উইকেট হাতে রেখে পেরিয়েছে প্রাইম ব্যাংক। ১৪৩ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১২৭ রান মারুফের।
ফতুল্লায় রেলিগেশন লিগে ২০ ওভারে নেমে আসা দুই অবনমিতের ম্যাচে পারটেক্সকে ৩২ রানে হারিয়েছে ভিক্টোরিয়া।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৪১.২ ওভারে ১৫৬ (আফিফ ৩২, লিটন ৩০; মেহেদী ৩/৩০, নাসির ৩/৩৬, হায়দার ২/২৪)। গাজী গ্রুপ: ৩৬.৪ ওভারে ১৫৭/৪ (নাসির ৫৬*, এনামুল ৪১; শর্মা ২/৪০)।
ফল: গাজী গ্রুপ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।
শেখ জামাল: ৫০ ওভারে ২৪২/৭ (তানভীর ৫৮, ইলিয়াস ৫৭, আল মামুন ৩২; আল আমিন ৩/৪৬, তাইবুর ২/৩৯)। প্রাইম ব্যাংক: ৪৮ ওভারে ২৪৩/৫ (মারুফ ১২৭, জাকির ৪৯; মেহেদী ১/১২)।
ফল: প্রাইম ব্যাংক ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী মারুফ।
ভিক্টোরিয়া: ২০ ওভারে ১২০/১ (নাসিরউদ্দিন ৫২*, রাজ্জাক ৫০; জাকারিয়া ১/৩০)। পারটেক্স: ২০ ওভারে ৮৮/৪ (জনি ৩৪; মঈনুল ২/১৮, মনির ২/২১)।
ফল: ভিক্টোরিয়া ৩২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসিরউদ্দিন ফারুক।