আবাহনীকে থামাল শেখ জামাল
ড্রেসিংরুমের দরজা বন্ধ করে লম্বা টিম মিটিং করল আবাহনী। কী আলোচনা হলো, জানার উপায় ছিল না। তবে মাঠ ছাড়ার সময় বোলিং কোচ তালহা জুবায়েরের কণ্ঠে হতাশা, ‘যেভাবে শুরু হয়েছিল, আমরা অন্তত ৫০টা রান কম করেছি। এই উইকেটে ২৬৯ করে জেতা কঠিন। তবে বোলারদেরও আরেকটু ভালো বল করা উচিত ছিল।’
ফতুল্লায় কাল শেখ জামাল ধানমন্ডি ক্রিকেট ক্লাবের কাছে আবাহনীর এই হার ৬ উইকেটের। শেখ জামাল ম্যাচ জিতেছে ২ ওভার বাকি থাকতেই। এবারের লিগে এটাই প্রথম হার আবাহনীর। বর্তমান চ্যাম্পিয়নদের হারানোর পুরস্কার সঙ্গে সঙ্গেই পেয়ে গেছেন শেখ জামালের খেলোয়াড়েরা। তাঁদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন ক্লাবের চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
১ উইকেটে ৯০ রান থেকে আবাহনী অলআউট ২৬৯ রানে। ৯০ থেকে ২১৬—এই ১২৬ রানে পড়েছে ৬ উইকেট। তাতেই রানের গতিটা যায় কমে। ওপেনার লিটন কুমার দাস (৬২) আর অধিনায়ক মাহমুদউল্লাহর (৬২) পর লোয়ার মিডল অর্ডারে শুভাগত হোম ও সাইফউদ্দিনের চেষ্টায়ও আবাহনীর ইনিংসটা প্রত্যাশিত জায়গায় যায়নি। এই ইনিংসের বিশেষ দ্রষ্টব্য মিড উইকেটের ওপর দিয়ে লিটনের দুটি ও লং অফ আর লং অনের ওপর দিয়ে মাহমুদউল্লাহর দুটি ছক্কা।
লেগ স্পিনার তানভীর হায়দারের মাথার ওপর দিয়ে ছক্কা মারতে যাওয়া মোহাম্মদ মিঠুনের যে ক্যাচটা নেন বদলি ফিল্ডার সোহাগ গাজী, এক কথায় দুর্দান্ত। ওটা ছিল তানভীরের শেষ উইকেট। এর আগে মাহমুদউল্লাহ, লিটন ও মোসাদ্দেকের গুরুত্বপূর্ণ উইকেট তিনটিও গেছে তাঁর দখলে।
শেখ জামাল দ্বিতীয় ওভারেই ওপেনার ইমরুল কায়েসকে হারালেও পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। পায়ের মাংসপেশিতে টান পড়ায় অবসর নেওয়ার আগ পর্যন্ত আরেক ওপেনার ফজলে রাব্বী (৬৩) দ্বিতীয় উইকেটে ১০৪ রান যোগ করেন ভারতীয় ব্যাটসম্যান প্রশান্ত চোপড়ার (৫৭) সঙ্গে। তবে ম্যাচের আকর্ষণীয় অংশটুকুর শুরু ১৬০ রানে তৃতীয় উইকেট পড়ার পর। নুরুল হাসানের (৪৬) সঙ্গে জুটি বেঁধেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন জিয়াউর রহমান। ৫৭ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংসে ছক্কাই ছয়টি, যার দুটির ঠিকানা হয়েছে গ্যালারি।