আবাহনীর জয় ছাপিয়ে রকিবুলের ১৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিস্ট ‘এ’তে বাংলাদেশের নতুন রেকর্ড গড়লেন রকিবুল । ছবি: শামসুল হক
লিস্ট ‘এ’তে বাংলাদেশের নতুন রেকর্ড গড়লেন রকিবুল । ছবি: শামসুল হক

ম্যাচের শেষ ওভারেও চরম উত্তেজনা। কোনটা হবে ৩০ নাকি ১০? দশ রান হলেই প্রায় অভাবনীয় একটা ব্যাপার দেখত বাংলাদেশের ক্রিকেট। প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটারের লিস্ট ‘এ’তে ডাবল সেঞ্চুরি হতো। আর ৩০ হলেই আবাহনীর ৩৬৬ রানের পাহাড় টপকে ম্যাচ জিতে যেত মোহামেডান। হলো না কিছুই। রকিবুল হাসান থেমেছেন ১৯০ রানে। তাঁর দল মোহামেডানও হেরেছে ২৭ রানে।

আগের সেই আবাহনী-মোহামেডানের ঝাঁজটা এখন আর টের পাওয়া যায় না। সেই আবেদনটা হারিয়েছে, কিন্তু এটিকে ‘আর দশটা খেলা’র সঙ্গে মেলানো যাবে না তবু। দেশের সবচেয়ে জনপ্রিয় দুই ক্লাব, তাদের ঐতিহ্য আর প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ এখনো অন্যরকম কিছু। সেটাই যেন আজ ফিরে এল বিকেএসপিতে। এক দল সাড়ে তিন শ করার পরো হাল ছেড়ে না দেওয়া, দুই দলের তিনজন ব্যাটসম্যানের সেঞ্চুরি। এর মাঝে একটি আবার প্রায় ডাবল। লিস্ট ‘এ’তে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস, ঢাকার মাঠের সর্বোচ্চ ইনিংস। ব্যাটিং তাণ্ডবের মাঝেও এক বোলারের পাঁচ উইকেট প্রাপ্তি। দেশের ক্রিকেটের এর চেয়ে ভালো বিজ্ঞাপন তো চিত্রনাট্য সাজিয়েও বানানো সম্ভব নয়!

গত ঢাকা প্রিমিয়ার লিগেই মোহামেডানের বিপক্ষে ৩৭১ রান করেছিল আবাহনী। আজও আবাহনীর ৩৬৬ রানের পর অমনই একটা একপেশে ম্যাচের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। লিটন দাশের ১০৩ বলে ১৩৫ ও নাজমুল হোসেনের ১০০ বলে ১১০ রানের ইনিংসেই এমন পাহাড়সম স্কোর আবাহনীর। তখন হয়তো আরেকটা সহজ জয়ের স্বপ্ন দেখে তৃপ্তির ঢেকুরও তুলে ফেলছিল দলটি।

তাড়া করতে নেমে মোহামেডান ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর সেটাই ভবিতব্য মনে হচ্ছিল। তবে আবাহনীর জোড়া সেঞ্চুরির জবাব যেন ডাবল সেঞ্চুরি করে দিতে চাইলেন রকিবুল। শুরুটা করেছেন চারিথ আসালঙ্কাকে নিয়ে। মাত্র ২১ ওভারের চতুর্থ উইকেট জুটি। তাতেই পরাজয় উঁকিঝুঁকি দেওয়া শুরু করেছিল আবাহনী শিবিরে। চতুর্থ উইকেটে আসালঙ্কাকে (৬৩) নিয়ে ১৭৫ রানের জুটিতে মোহামেডানকে চালকের আসনে নিয়ে আসেন রকিবুল। ৩০ বলে ফিফটি ছোঁয়া রকিবুল পরে এক শ ছুঁয়েছেন ৬২ বলে। এরপরই অবশ্য সঙ্গী আসালঙ্কাকে হারিয়েছেন।

এরপরই যেন বড্ড একা হয়ে গেলেন রকিবুল। অন্যপ্রান্তে আর কেউ তাঁকে সংগত দিতে পারেননি। কিন্তু মর্যাদার ‘আবাহনী-মোহামেডান’ ম্যাচ বলে কথা! রকিবুল যেন প্রতিজ্ঞা করেছেন নিজের ক্যারিয়ারের সেরা ইনিংসটাই খেলবেন। অন্যপ্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলেও একের পর এক বাধা ডিঙিয়ে দলকে জয়ের পথে রেখেছেন।

শেষ ১০ ওভারেও জয়ের জন্য ৯৯ রান দরকার ছিল মোহামেডানের। কিন্তু একের পর এক উইকেট হারাতে থাকল দল। ফলে ১০৭ রানেই দেড় শ ছোঁয়া রকিবুল শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেন না। ইনিংসের ৪ বল বাকি থাকতে কাজী অনিকের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ১৯০ রানে। ১৩৮ বলের এই অতিমানবীয় ইনিংসে ছিল ১৭টি চার ও ১০ ছক্কা। এতেই ২০১৪-১৫ মৌসুমে চামুরা কাপুগেদারার ১৬১ রানের ইনিংসকে টপকে লিস্ট ‘এ’ ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন রকিবুল। তবে প্রথম শ্রেণিতে প্রথম বাংলাদেশি ট্রিপল সেঞ্চুরিয়ান একটুর জন্য হতে পারলেন না লিস্ট ‘এ’তেও প্রথম ডাবল সেঞ্চুরিয়ান।

রকিবুলের এমন তাণ্ডবের সামনেও মাত্র ৪৭ রানে ৫ উইকেট পেয়েছেন আবাহনীর মনন শর্মা।
আরও পড়ুন:
তামিমের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রকিবুল