আবাহনীর জয়ে উজ্জ্বল পাঠান আর মোসাদ্দেক

ইউসুফ পাঠান আর নাজমুল হাসানের তৃতীয় উইকেট জুটিই ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিল। ৯৪ রানের এই জুটি আবাহনীকে এগিয়ে দিয়েছিল অনেকটা পথই। কিন্তু একটা পর্যায়ে মাত্র ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলার যে উপক্রম হয়েছিল, সেটিকে সুন্দরভাবে সামাল দিলেন মোসাদ্দেক হোসেন। লিটন দাসকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৮৭ রান তুলে প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে আবাহনী। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে মোহামেডান ও প্রাইম দোলেশ্বরের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল আবাহনী।
প্রাইম ব্যাংকের ২৪০ রানের জবাবে শুরুটা ভালোই করেছিল আবাহনী। ৩৯ রানের উদ্বোধনী জুটি গড়ে প্রথম আউট হন অভিষেক মিত্র। তামিমের ব্যাট থেকে আসে ৪০ রান। তবে প্রাইম ব্যাংককে ম্যাচ থেকে ছিটকে ফেলার প্রাথমিক কাজটা করে দিয়ে যান ইউসুফ পাঠান।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ খেলা ইউসুফ আজ বিকেএসপিতে নিজেকে নতুন করেই চিনিয়েছেন। মাত্র ৪৭ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৬০ রানের অনবদ্য এক ইনিংস খেলে যান পাঠান ভাইদের বড় জন। নাজমুলের ৩২ রান আসে ৫১ বলে, ৩টি চারে।
২ উইকেটে ১৫০ রান তুলে ফেলার পর খুব অল্প ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আবাহনী। দলীয় ১৫০ রানের মাথায় আউট হন নাজমুল হোসেন। ১৫২ রানে ফেরেন ইউসুফ পাঠান। ১৫৬ রানের সময় সাকিব ৩ রানে ফিরে গেলে ম্যাচ কিছুটা হলেও ঘুরে যায় প্রাইম ব্যাংকের দিকে।
এমন একটা সময়ে জ্বলে ওঠে মোসাদ্দেকের ব্যাট। ষষ্ঠ উইকেট জুটিতে লিটন দাসকে সঙ্গে নিয়ে তিনি তোলেন ৮৭ রান। মোসাদ্দেক ৬৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। লিটন অপরাজিত থাকেন ২৫ রানে। ৪৫তম ওভারে মেহেদী মারুফের ওভারে পরপর দুটি ছয় মেরে ম্যাচ শেষ করে দেন মোসাদ্দেক।