আবাহনীর বিপক্ষে মোহামেডানের বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা মোটামুটি ভালোই করেছিল মোহামেডান। বিকেএসপিতে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ব্যাটিং শুরু করেও শেষ পর্যন্ত তারা গুটিয়ে গেছে মাত্র ১০০ রানেই। মামুলি লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে আবাহনী খেলাটা শেষ করেছে ১৫.৩ ওভারেই। লিটন দাস মাত্র ২২ বলে ৫০ রান করে আবাহনীর জয় ত্বরান্বিত করেন। তবে দ্রুত রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেলাটা জয়ে কালি ঢালছেই।
লিটনের পাশাপাশি সাদমান ইসলাম করেছেন ২৪। মোহাম্মদ মিঠুন ১৬। মোহামেডানের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জুবায়ের হোসেন ও শামসুর রহমান। ১ উইকেট সাজেদুল ইসলামের।
শামসুর রহমান আর সৈকত আলীর ৩২ রানের ওপেনিং জুটির পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে মোহামেডান। ষষ্ঠ উইকেট জুটিতে নাজমুল হোসেন মিলন ও তাইজুল ইসলামের ৩০ রানের জুটিটা না দাঁড়ালে যে কী হতো! মোহামেডানের মান কিছুটা হলেও রক্ষা করেছেন আজিম ও সাজেদুল জুটি। এই দুজন যোগ করেন ১৪ রান। আবাহনীর সাকলাইন সজীব ও মনন শর্মা দুজনে মিলে ১৬.৪ ওভারে মোহামেডানের ৭ উইকেট তুলে নেন মাত্র ৪৫ রানের খরচায়। সাকলাইন নিয়েছেন ৩ উইকেট, শর্মা ৪ উইকেট। পাশাপাশি আবু জায়েদ ২৩ রানে ২টি আর সাইফউদ্দিন ১৭ রানে ১ উইকেট নেন। কাজী অনিক উইকেট না পেলেও ৩ ওভার বল করে মাত্র ৪ রান দেন।
মোহামেডানের সর্বোচ্চ রান এসেছে শামসুর রহমানের ব্যাট থেকে—২৪। এ ছাড়া তাইজুল ১৪, নাজমুল মিলন ১৭ আর সাজেদুল ১৬ রান করেন।
সুপার লিগে মোহামেডান-আবাহনী দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে জিতেছে দুই দলই। প্রাথমিক পর্বে মোহামেডান-আবাহনীর ম্যাচ ছিল আক্ষরিক অর্থেই শ্বাসরুদ্ধকর। দীর্ঘদিন পর দারুণ জমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। ৩৩৯ রান করে মোহামেডান। অবশ্য পরে ব্যাট করেছিল তারা। আবাহনী করেছিল ৩৬৬।