আবাহনীর সামনে সুপার লিগের হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক বিতর্ক আর সমালোচনাকে সঙ্গী করে অবশেষে সুপার লিগের দ্বারপ্রান্তে আবাহনী। বিকেএসপিতে আজ প্রথম পর্বের শেষ ম্যাচে সিসিএসকে হারাতে পারলেই দলটা নিশ্চিত করে ফেলবে শীর্ষ ছয়ে থাকা।

এই ম্যাচে জিতলে ১১ ম্যাচে ১৪ পয়েন্ট হবে আবাহনীর। আর হারলে পয়েন্ট থেকে যাবে ১২-ই। সুপার লিগে উঠতে তখন এই রাউন্ডের আজকের দুই ম্যাচ এবং পরশুর তিন ম্যাচের ফলাফলের ওপরও নির্ভর করতে হবে তাদের। সিসিএসকে অবশ্য তখনো খেলতে হবে রেলিগেশন লিগ।

প্রাইম দোলেশ্বরের সুপার লিগ নিশ্চিত হয়ে গেছে আগেই। ফতুল্লায় প্রাইম ব্যাংক ক্রিকেটার্সের বিপক্ষে আজকের ম্যাচে তাই তাদের হারানোর কিছু নেই। তবে সুপার লিগের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে ১০ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া প্রাইম ব্যাংককে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অন্য ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমির মুখোমুখি হবে আরেক সুপার লিগপ্রত্যাশী দল কলাবাগান ক্রীড়াচক্রের। লিগের শুরুটা ভালো না হলেও টানা তিন ম্যাচ জিতে সুপার লিগে খেলার সম্ভাবনা জাগিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। অবশ্য আজ জিতলেও শেষ ছয় নিশ্চিত করতে তাদের তাকিয়ে থাকতে হবে পরশুর ম্যাচগুলোর ফলাফলের দিকে।

প্রথম পর্বের শেষ রাউন্ডে চলে এসেছে লিগ। অথচ এখন পর্যন্ত সুপার লিগে খেলা নিশ্চিত তিনটি দলের—প্রাইম দোলেশ্বর, ভিক্টোরিয়া ও লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ তিনটি জায়গা পেতে এই রাউন্ডে লড়াইয়ে আছে সাতটি দল।