আবাহনী-মোহামেডানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাড়মেড়ে একটা দিনই গেল কাল ওয়ালটন প্রিমিয়ার লিগে। মোহামেডান ৪৯ রানে ওল্ড ডিওএইচএসকে, আবাহনী ৬ উইকেটে কলাবাগান ক্রীড়াচক্রকে এবং ভিক্টোরিয়া ৭ উইকেটে হারিয়েছে পারটেক্সকে।
বিকেএসপিতে টসে জিতে ওল্ড ডিওএইচএস ব্যাটিংয়ে পাঠায় মোহামেডানকে। দলীয় ১৫ রানে ইজাজ বিদায় নিলেও টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ২৫০ রান করে মোহামেডান। মিঠুন ৫৪ রানে ফিরে গেলেও ৫১ রানে অপরাজিত থাকেন নাঈম। জায়েদ সর্বোচ্চ ৩ উইকেট নেন। ডিওএইচএসের শুরুটাও মন্দ হয়নি। একপর্যায়ে দলের রান ছিল ২ উইকেটে ৮৭। সেখান থেকে ২৩ রান যোগ করতেই ৩ উইকেট হারিয়ে বসে ডিওএইচএস। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা, শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান করতে পারে ক্লাবটি।
ফতুল্লায় সহজ জয় পেয়েছে আবাহনীও। মোস্তাফিজুরের বোলিং তোপে ৫০ ওভারে ১৮৯ রানের বেশি করতে পারেনি কলাবাগান। মাত্র ৩২ রান খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। কলাবাগানের পক্ষে সর্বোচ্চ রান তাসামুলের, ৪০। ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহনী। স্কোরবোর্ডে ১০ রান উঠতেই হারিয়ে বসে ২ উইকেট! সেখান থেকে রাকিবুল-লিটন ৬০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিলেও ৪ রানের ব্যবধানে দুজনের বিদায়ে আবারও একটু সংকটে পড়ে আবাহনী। তবে নাসির ও চামারা সিলভার অবিচ্ছিন্ন ১১৯ রানের জুটি ৮ ওভার বাকি থাকতেই জয়ে পৌঁছে দেয় তাদের। যে জয় পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে তুলে দিয়েছে আবাহনীকে।
বিকেএসপির ৪ নং মাঠে ভিক্টোরিয়ার পাওয়া জয়টি ছিল আরও অনায়াস। টসে হেরে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া পেসারদের বোলিং তোপে ৯ রান তুলতেই ৩ উইকেট হারায় পারটেক্স। শেষ পর্যন্ত মেহরাব জুনিয়রের ফিফটি এবং রাজিন সালেহ ও রিয়াজুলের মাঝারি মানের সংগ্রহে ১৮৩ রান করে পারটেক্স। ধীমান ঘোষের অপরাজিত ৮৭ ও নাদিফ চৌধুরীর অপরাজিত ৪৩ রানে ৭ উইকেট বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভিক্টোরিয়া।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-কলাবাগান, ফতুল্লা
কলাবাগান: ৫০ ওভারে ১৮৯/৯ (তাসামুল ৪০, জিহান ৩২; মোস্তাফিজুর ৫/৩২)
আবাহনী: ৪২ ওভারে ১৯৩/৪ (সিলভা ৫৯*, নাসির ৫৩*, লিটন ৩৯, রাকিবুল ৩০; শাহাদাত ২/২৬)
ফল: আবাহনী ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোস্তাফিজুর রহমান।
মোহামেডান-ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৩
মোহামেডান: ৫০ ওভারে ২৫০/৮ (মিঠুন ৫৪, নাইম ৫১*, তানভির ৪৮, রাহাতুল ৩৬; শাওন ৩/৪৬, জায়েদ ৩/৫২)
ওল্ড ডিওএইচএস: ৫০ ওভারে ২০১/৮ (শানাজ ৫৫, আহসানুল ৪৮, নিহাদুজ্জামান ৩৬; আরিফুল ৩/২২, মুরাদ ২/৩৬)
ফল: মোহামেডান ৪৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাইম ইসলাম।
পারটেক্স-ভিক্টোরিয়া, বিকেএসপি-৪
পারটেক্স: ৪৭.৪ ওভারে ১৮৩ (মেহরাব জুনিয়র ৬৫, রিয়াজুল ৩০; হায়দার ৪/২৮, কামরুল ২/২৪, শুভ ২/২৪)।
ভিক্টোরিয়া: ৪৫.৪ ওভারে ১৮৬/৩ ( ধীমান ৮৭*, নাদিফ ৪৩*; শফিউল ১/৩৩, আবদুর ১/৩৭)।
ফল: ভিক্টোরিয়া ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ধীমান ঘোষ।