আবু হায়দারের প্রেরণার নাম মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু হায়দার মাঠের চেহারাটা আগ্রাসনের। ছবি: শামসুল হক।
আবু হায়দার মাঠের চেহারাটা আগ্রাসনের। ছবি: শামসুল হক।

উইকেট না পেলে হতাশা লুকান না। আবার সাফল্য পেলে উদ্‌যাপনটাও হয় বাঁধনহারা। পেসারদের স্বভাবসুলভ আক্রমণাত্মক মেজাজ কিংবা দলকে ব্রেক-থ্রু এনে দেওয়ার সামর্থ্যই কেবল নয়; অনেক কিছু দিয়েই এরই মধ্যে নজর কেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার আবু হায়দার রনি।

কাল সিলেট সুপারস্টারসের দুই ওপেনার যখন উইকেটে থিতু হয়ে গেছেন, তখনই দৃশ্যপটে আবু হায়দার। মুমিনুল হককে ফিরিয়ে দলকে ব্রেক-থ্রু এনে দেন তিনি। এরপর তাঁর হাতে বধ মুনাবীরাও। ম্যাচের নায়ক রবি বোপারা কাটা পড়লেন তাঁর হাতে। ডেথ ওভারে তো পেয়ে গিয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগও।

সেটা না হলেও ১০ উইকেট নিয়ে ইতিমধ্যেই তিনি জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসানের সঙ্গে, প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেট-শিকারি হিসেবে।

মাঠে বল হাতে আগ্রাসী চেহারায় থাকলেও মাঠের বাইরে কিন্তু বেশ হাসিখুশি আবু হায়দার। কথা বলেন মিষ্টি একটা হাসি ঝুলিয়ে। দেখলে অবাক হতে হয়, মাঠে এই বোলারেরই কিন্তু ধনুক ভাঙা পণ থাকে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার! নিজের আক্রমণাত্মক মেজাজ নিয়ে অবশ্য ভীষণ বিনয়ী আবু হায়দার, ‘পেস বোলারদের আক্রমণাত্মক মেজাজটা একটু থাকতেই হয়। এটা আমার সহজাত। হয়তো আমার আহামরি পেস নেই, তবে যতটুকু আছে, তা দিয়েই কিছু করার চেষ্টা করি। আর উদ্‌যাপনটা কখনো আগে থেকে ভেবে করি না। উইকেট পেলে এমনি ভেতর থেকে চলে আসে।’

নেত্রকোনার ছেলে আবু হায়দারের ক্রিকেটে হাতেখড়ি সপ্তম শ্রেণিতে পড়ার সময়ে স্কুল ক্রিকেট দিয়ে। এর পর ভেঙেছেন বয়সভিত্তিক ক্রিকেটের সিঁড়ি। দুবার খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সর্বশেষ ছিলেন বিসিবি হাইপারফরম্যান্স কর্মসূচিতে। খেলেছেন জাতীয় লিগ, ঢাকা লিগ ও বিসিএলও।

গত তিন বছর ঘরোয়া ক্রিকেট খেললেও আবু হায়দারের ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে এবারের বিপিএল। পারফরম্যান্সের ধারাবাহিকতা যদি প্রতিযোগিতার শেষ অবধি ধরে রাখতে পারেন, তাহলে বিপিএলই হতে পারে আবু হায়দারের বড় বাঁক বদল। কুমিল্লা পেসারের চোখে তাই দারুণ কিছু করারই স্বপ্ন, ‘আপাতত লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ। উইকেট না পেলেও ইকোনমি রেটটা ঠিক রাখার চেষ্টা করব। সবচেয়ে বেশি উইকেট পেলে ভালো তো লাগবেই। এমন লক্ষ্য তো সব বোলারেরই থাকে। দেখা যাক কী হয়।’

আবু হায়দারের আদর্শ মাশরাফি বিন মুর্তজা। প্রিয় খেলোয়াড়কেই পেয়েছেন অধিনায়ক হিসেবে। মাঠে-মাঠের বাইরে মাশরাফির উৎসাহ-প্রেরণায় দারুণ গতিতে এগিয়ে যাচ্ছেন এ তরুণ পেসার, ‘মাশরাফি ভাই এক কথায় অসাধারণ। অধিনায়ক হিসেবেও দুর্দান্ত। তিনি নিজে পেসার বলে আমাদের খুব ভালো বোঝেন। পেস বোলারদের সমস্যাগুলো নিয়েও কড়া দৃষ্টি তাঁর। তাঁকে অধিনায়ক হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। খারাপ খেললেও উৎসাহ দেন। বলেন, “এমনটা হতেই পারে। মন খারাপ করবি না। তুই ভালো বোলিং করছিস। একটা ওভার খারাপ করলেন টেনশন করার কিচ্ছু নেই। ”’

আবু হায়দারকে নিয়ে অধিনায়কের মুখেও একরাশ স্তুতি। তাঁর উজ্জ্বল সম্ভাবনার কথাই জানালেন মাশরাফি, ‘আসলে বয়স কম তো, অনেক সময় দ্বিধা-দ্বন্দ্বে ভোগে। তবে যেটা বললাম, নিজেকে ধরে রাখতে পারলে অনেক দূর যেতে পারবে। ওর ভেতরে এমনিতেই অনেক কিছু আছে, যা আশাবাদী করে। সে সবে উন্নতি করতে পারলে আরও ভালো করবে। প্রথম থেকেই ইয়র্কার মারতে চায়। সেই আত্মবিশ্বাস ওর আছে। স্লোয়ারটাও খারাপ না। লেংথ বলও ভালো করে, জায়গায় বল করতে পারে। পেসও বেশ ভালো। এই বয়সে এতগুলো স্কিল থাকা মানে দারুণ ব্যাপার। আরও কাজ করলে দুই-এক বছর পর ও খুব ভালো বোলার হয়ে উঠবে।’

সব খেলোয়াড়ের মতো আবু হায়দারের স্বপ্ন একদিন বাংলাদেশ দলে খেলবেন। কেবল খেলবেনই না, দীর্ঘ দিন দলকে সেবা দেবেন, দেশকে ম্যাচ জেতাবেন, ‘সবার মতো আমার স্বপ্ন জাতীয় দলে খেলা। একবার সুযোগ পেলে অনেক দিন খেলতে চাই। দেশকে ম্যাচ জেতাতে চাই। এ কারণে পারফরম্যান্স তো বটেই, ফিটনেসও ঠিক রাখতে হবে। ফিটনেস না থাকলে কিছুই করা সম্ভব নয়।’