আবুধাবিতে রোমাঞ্চকর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক নাটক, মোচড়ের পর জয়ের কাছাকাছি গিয়েও আলোকস্বল্পতায় মেনে নিতে হলো ড্র! অ্যালিস্টার কুকের অভিব্যক্তিই কি ইংলিশদের মনের অবস্থাটা বলে দিচ্ছে না?  l এএফপি
অনেক নাটক, মোচড়ের পর জয়ের কাছাকাছি গিয়েও আলোকস্বল্পতায় মেনে নিতে হলো ড্র! অ্যালিস্টার কুকের অভিব্যক্তিই কি ইংলিশদের মনের অবস্থাটা বলে দিচ্ছে না? l এএফপি

এ হয়তো শুধু টেস্ট ক্রিকেটেই সম্ভব। কিংবা চাইলে ‘হয়তো’ শব্দটা বাদ দিয়েও পড়তে পারেন।
নইলে যে ম্যাচ আগের চার দিন এমন শম্বুকগতিতে এগিয়েছে, কে ভেবেছিল সেটি শেষ দিনে এসে টি-টোয়েন্টির রোমাঞ্চ ছড়িয়ে দেবে! যেখানে আগের চার দিনে সাকল্যে পড়েছে ১৬ উইকেট, সেখানে শুধু শেষ দিনেই ১৫ উইকেট পড়বে, এটাই বা কার ভাবনায় ছিল!
এ শুধু টেস্ট ক্রিকেটেই সম্ভব।
এখানে প্রায় ৫ বছর পর দলে ফিরে যিনি ডাবল সেঞ্চুরি করেন, তিনিই আবার পরের ইনিংসে আউট হয়ে যেতে পারেন শূন্য রানে। উল্টোটাও হয়। প্রথম ইনিংসে ১৬৩ রান দিয়েও কোনো উইকেট না পেয়ে যিনি অভিষেকে সবচেয়ে বেশি রান দিয়ে উইকেটশূন্য থাকার রেকর্ড গড়েন, তিনিই আবার পরের ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট নিয়ে মোড় ঘুরিয়ে দেন ম্যাচের। আর কোথায় এত নাটকীয়তা!
সেই নাটকের শেষটা হলো রোমাঞ্চকর এক ড্রয়ে। দিন শেষে জিততে পারলেন না বলে ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুকের আক্ষেপ কিছুটা থাকল, থাকল হারের শঙ্কা থেকে বেরিয়ে আসা পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকের স্বস্তিও। তবে নিখাদ ক্রিকেটপ্রেমীরা পেলেন দুর্দান্ত এক টেস্ট ম্যাচ দেখার রোমাঞ্চ।

আদিল রশিদ: প্রথম ইনিংসে অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডের পর ৫ উইকেট
আদিল রশিদ: প্রথম ইনিংসে অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডের পর ৫ উইকেট

চার দিন পেরিয়ে পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেও যখন দুই দলের প্রথম ইনিংসই অসমাপ্ত, ম্যাড়মেড়ে শেষ দেখেই হয়তো অনেকে নজর সরিয়ে নিয়েছিলেন ম্যাচ থেকে। পরে খোঁজ নিতে গিয়ে নিশ্চয়ই চোখ তুলেছেন।
৮ উইকেটে ৫৬৯ রানে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংস ঘোষণা করে দেয় ৯ উইকেটে ৫৯৮ রানে। ৭৫ রানের লিড। যে উইকেটে দুই দলের প্রথম ইনিংস মিলিয়ে ১১২১ রান ওঠে, সেখানে এটা আর এমন কী! কিন্তু পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে বিস্ময়করভাবে হিসাবটা পাল্টে দিলেন আদিল রশিদ। প্রথম ইনিংসে অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ড গড়া আদিল দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ৩ উইকেটে ১১৩ রান থেকে পাকিস্তান অলআউট ১৭৩ রানে। শেষ ৫ উইকেট পড়েছে ১৬ রানে। আদিল হয়েছেন গত ২২ বছরে অভিষেকে ৫ উইকেট নেওয়া প্রথম ইংলিশ স্পিনার!
চা-বিরতির ঘণ্টা দেড়েক পরে পাকিস্তান যখন অলআউট হলো, ম্যাচটি বাকি ১৯ ওভারের মতো। জয়ের জন্য ইংল্যান্ডের চাই ৯৯ রান।
আলোকস্বল্পতা ইংল্যান্ডকে পুরো ১৯ ওভার খেলতে দেবে না, এটা কিছুটা অনুমিতই ছিল। মরিয়া ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক তাই নিজে না এসে মঈন আলীর সঙ্গে ওপেনিংয়ে পাঠান জস বাটলারকে। কিন্তু ৩৫ রানে ইংল্যান্ডের ৩ উইকেট তুলে পাকিস্তানও বুঝিয়ে দিল জয়টা সহজ হবে না। ইংল্যান্ড অবশ্য চেষ্টা করেছে। প্রথম ৫ ওভারে তুলেছে ৩১ রান, ১০ ওভারে ৬৯। দিনের খেলা শেষের নির্ধারিত সময় ততক্ষণে পেরিয়ে গেছে। কয়েকবার আলোও মেপেছেন দুই আম্পায়ার। ১১তম ওভারের শেষে আরেকবার মেপে বলে দিলেন, ‘আর সম্ভব নয়!’
রোমাঞ্চ ছড়িয়ে ড্র হওয়া টেস্টের তালিকায় আবুধাবি টেস্টটা তাই নবতম সংযোজন। টেন ক্রিকেট।