আবুল হাসানকে মনে আছে তো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল হাসান নিলেন ৫ উইকেট। ছবি: প্রথম আলো
আবুল হাসান নিলেন ৫ উইকেট। ছবি: প্রথম আলো

দারুণ মিল দেখুন। গত বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ২৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। এবার বিপিএলে নিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত আবুল হাসানকেই দেখা গেল। খুলনা টাইটানসের বিপক্ষে নিয়েছে ২৮ রানে ৫ উইকেট। রাজশাহী কিংস জিতলে এবারও তাঁর হাতেই ম্যাচ সেরা পুরস্কার ওঠার সম্ভাবনা।

আবুল হাসান আজ সফল হয়েছেন আসলে তাঁর দ্বিতীয় স্পেলে। নিজের প্রথম ২ ওভারে ১১ রানে পেয়েছিলেন ১ উইকেট। ১৮ ও ২০তম ওভারে ১৭ রান দিয়েছেন ৪ উইকেট। ১৮তম ওভারে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। সেটি না হলেও বিপিএলে চতুর্থ সেরা বোলিং হয়েছে আবুলের।
ঝলক দেখিয়ে হারিয়ে যাওয়ার রোগটা আবুলের পুরোনো। গত বিপিএলের প্রথম ম্যাচে বহু দিন পর তাঁকে পাওয়া গেল পুরোনো রূপে। ‘বহু দিন পর’ বলতে ২০১২-এর ২১ নভেম্বরে সেই কীর্তির পর ২০১৫-এর ২২ নভেম্বর। কীর্তিটা বাংলাদেশের ক্রিকেটীয় রূপকথার একটা অংশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খুলনা টেস্টের প্রথম দিনে অভিষেকেই ১০ নম্বরে নেমে সেঞ্চুরি করে নাম লিখিয়েছিলেন ইতিহাসের পাতায়। ১১০ বছর আগে করা অস্ট্রেলিয়ার রেজি ডাফের কীর্তির পুনরাবৃত্তি করেছিলেন।
পেসার হিসেবে অভিষেক হওয়া একজন পেসারের স্বপ্ন আর যা-ই হোক, সেঞ্চুরি হওয়ার কথা নয়। সেই অবিশ্বাস্য রেকর্ডটাই করেছিলেন আবুল হাসান। এর পর খেলেছিলেন আরও দুই টেস্ট। ২০১৩-এ শ্রীলঙ্কা সফরের পর পথ হারিয়ে ফেললেন। ফিরেছিলেন ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে। কিন্তু মেলে ধরতে পারেননি। গত বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে অবশ্য একটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে ঝলক দেখা যায়নি আবুলের কাছ থেকে।
গত বিপিএলে প্রথম ম্যাচের পরও সেই একই ছবি। পরে টুর্নামেন্টে আবুলকে আর স্বরূপে দেখা যায়নি। ১০ ম্যাচে নেন ১১ উইকেট। এবার বিপিএলেও আবুলের শুরুটা হয়েছে অসাধারণ। দেখা যাক, তাঁর বাকি পথটা ছন্দময় হয় কি না।