আবেগের স্রোতে ভাসছে জিম্বাবুয়ে
ছোট্ট ওই কাঠের গ্যালারিতেও দেখা গেল মেক্সিকান ঢেউ। বাজছে ড্রাম, বাঁশি। বাদ্যের তালে তালে চলছে খ্যাপাটে নাচ। চিৎকার, হুড়োহুড়ি আর গলা ফাটিয়ে জাতীয় সংগীত গাওয়া। মাঠে তখন ভিক্টরি ল্যাপ দিচ্ছেন বিজয়ী বীরেরা। দুই হাত উঁচিয়ে প্রায় উড়তে উড়তে বাবার কাছে ছুটে গেল এল্টন চিগুম্বুরার চার বছর বয়সী ছেলে এলরয়। উৎসবে শামিল ব্রেন্ডন টেলরের ছেলেও। কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে জড়িয়ে আনন্দাশ্রু ঝরালেন তার মা। উদ্যাপন দীর্ঘায়িত হলো ম্যাচ শেষের অনেক পরেও। হারারের স্পোর্টস ক্লাব থেকে উৎসবের স্রোত প্রবাহিত হলো গোটা শহরে। ৩১ বছর পর জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া-বধ। দীর্ঘ অপেক্ষার পর হারারেতে ক্রিকেট আনন্দের এক রাত।
বিস্মিত, হতভম্ব অস্ট্রেলিয়ানরা খুঁজছে অনেক প্রশ্নের উত্তর। তবে এই মিশনে যাঁর থাকার কথা অগ্রভাগে, তিনি গতকালই জিম্বাবুয়ে ছেড়েছেন দেশের উদ্দেশে। পরশু ৬৮ রানের অপরাজিত ইনিংসটির সময় হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন মাইকেল ক্লার্ক। পরে শেষ ব্যাটসম্যান হিসেবে নেমেছিলেন আবার। ফিল্ডিংয়ে নেমেছিলেন প্রায় দেড় ঘণ্টা পর, যে জন্য বোলিংও করতে পেরেছেন ইনিংসের একেবারে শেষ দিকে। ওই চোটই টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ককে।
দেশে ফেরার আগে অবশ্য একটা বিতর্ক উসকে দিয়ে গেছেন। নির্বাচকদের বানিয়ে দেওয়া একাদশ নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন সংবাদ সম্মেলনে, ‘মিডল অর্ডারে স্টিভ স্মিথের অভাব নিশ্চিতভাবেই অনুভব করেছে দল। স্পিনের বিপক্ষে ও খুব ভালো ব্যাটসম্যান, ওর লেগ স্পিনটাও বেশ কার্যকরী। এই উইকেটে ওকে খুব কাজে লাগত। দুর্ভাগ্যজনক হলো, এই কন্ডিশনে ওকে আমরা পাইনি। নির্বাচকেরা এমনই ঠিক করেছেন।’
দল নির্বাচন নিয়ে প্রশ্নটা মেনে নিচ্ছেন ড্যারেন লেম্যানও। তবে নিজেদের নিয়ে আরও অনেক বড় প্রশ্ন ও সংশয় অস্ট্রেলিয়ান কোচের মনে, ‘এই ফলাফলের পর বলতে হবে, হয়তো আমরা ভুলই করেছি (একাদশ নির্বাচনে)। তবে এই দল নিয়েও যদি আমরা জিম্বাবুয়েকে হারাতে না পারি, তাহলে বড় কোনো সমস্যা আছে আমাদের। সেটার সমাধান করতে হবে।’
কোচ হিসেবে সমাধান বের করার বড় দায়িত্ব তাঁর। তবে হার হজম করতেই কষ্ট হচ্ছিল লেম্যানের, ‘আমার এই মুহূর্তের অনুভূতি বোঝাতে যথেষ্ট উপযুক্ত শব্দ বোধ হয় ইংরেজি ভাষায় নেই। সফরে আসা সবার জন্য এই হার বিব্রতকর। আশা করি সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। হওয়া উচিতও।’ এই হারে শীর্ষস্থান থেকে এক ধাক্কায় চারে নেমে গেছে অস্ট্রেলিয়া।
হাজারো সমস্যায় ডুবে থাকা জিম্বাবুয়ের ক্রিকেট একটি দিনের জন্য হলেও ভেসেছে আনন্দ-আবেগে। জয়ের নায়ক, গত ১০ বছরে জিম্বাবুয়ে ক্রিকেটের অনেক সুখ-দুঃখের সঙ্গী চিগুম্বুরার কণ্ঠে গর্বিত উচ্চারণ, ‘সবার জন্যই এটি অসম্ভব গর্বের এক মুহূর্ত। জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য, এমনকি গোটা জিম্বাবুয়ের জন্যই, কারণ ৩০ বছরের বেশি সময় পর আমরা অস্ট্রেলিয়াকে হারালাম।’ টেন ক্রিকেট, রয়টার্স, ক্রিকইনফো।