আমরা এখন অনেকটাই নির্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমার সাঙ্গাকারা
কুমার সাঙ্গাকারা

ভালো একটা সপ্তাহ কাটালাম। কয়েক দিনের মধ্যে তাসমান সাগর পেরিয়ে দুটি ম্যাচ খেলতে হলো। বাংলাদেশ ও ইংল্যান্ডের সঙ্গে জয় পেয়ে আমরা এখন অনেকটাই নির্ভার।
ইংল্যান্ড ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ব্ল্যাক ক্যাপসদের সঙ্গে হেরে যাওয়ার পর আমাদের ছন্দটা ফিরে পাওয়া জরুরি হয়ে পড়ে। টানা তিন ম্যাচ জিতে এটা আমরা খুব ভালোভাবেই করেছি। বিশেষ করে ইংল্যান্ডের সঙ্গে যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, তা আসলেই দুর্দান্ত।
৩০০ রানের বেশি তাড়া করে জেতা বিশ্বের কোথাও সহজ নয়। আমাদের ভালো করতে হবে জানতাম। সৌভাগ্যই বলতে হবে, থিরিমান্নে ও দিলশান দারুণ একটা শুরু এনে দিয়েছিল। অ্যান্ডারসন ও ব্রডের নতুন বলের হুমকি সামলে ভালো একটা ভিত্তি এনে দিয়েছিল ওরা দুজন।
এরপর ভালো একটা পিচে পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিং করে আমরা বাকি কাজটা সেরে ফেলেছি। লাহিরুর সেঞ্চুরিটা দুর্দান্ত, আমি শুধু ওকে যোগ্য সঙ্গ দিয়েছি। শ্রীলঙ্কা ক্রিকেটের ভবিষ্যৎ দেখছি ওঁর মধ্যে। বিশেষ করে বিশ্বকাপে ওপেনিংয়ে আলো ছড়িয়ে সে আমাদের অনেক দুশ্চিন্তা দূর করে দিয়েছে।
টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। আমরা তা করে ফেলেছি। চাপ এখন অনেকটাই কমে গেছে, এখন শুধু আমরা গ্রুপে যত বেশি সম্ভব ওপরে থাকতে চাই। সম্ভব হলে গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্সআপ। পরে এটা কাজে দিতে পারে।
সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে তাদের যাত্রাটা ঠিক মসৃণ হচ্ছে না। বাংলাদেশের সঙ্গে দুর্ভাগ্যজনক পয়েন্ট ভাগাভাগির পর একটা ম্যাচ হেরে তারা বেশ চাপে আছে। আশা করি এই সুবিধাটা কাজে লাগিয়ে আমরা কিছু একটা করতে পারব। ওদের দলটা খুব শক্ত, কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
সিডনি ক্রিকেট মাঠে আমরা নিজেদের সেরা কিছু ক্রিকেট খেলেছি। কয়েকটা ম্যাচের কথা মনে পড়ছে আমার, সনাৎ (জয়াসুরিয়া) এখানে দুর্দান্ত কিছু ইনিংস খেলেছিলেন। ইতিহাস আমাদের উদ্বুদ্ধ করবে, তার ওপর অস্ট্রেলিয়াপ্রবাসী শ্রীলঙ্কানদের কাছ থেকে আমরা সব সময় স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি। বিশেষ করে সিডনি ও মেলবোর্নে।
ভারতও খুব ভালো অবস্থায় আছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের ম্যাচটির জন্য আমি অপেক্ষা করছি। ওয়েস্ট ইন্ডিজ এখনো অধারাবাহিক। তবে ওদের ব্যাটিং লাইনআপ এতটাই বিস্ফোরক যে উড়িয়ে দেওয়ার উপায় নেই। আমার মনে হয়, বর্তমান দাপটটা ধরে রাখতে ভারতকে ব্যাটে-বলে খুবই সুশৃঙ্খল হতে হবে সামনের দিকে। (গেমপ্ল্যান)