আমরা তো এখনো টিকে আছি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেল স্টেইন
ডেল স্টেইন

সপ্তাহটা আমাদের জন্য খুব একটা ভালো যায়নি, এটা মানতেই হবে। কিন্তু সাত সপ্তাহের একটা টুর্নামেন্টে কোনো দলের একটা খারাপ সপ্তাহ যেতেই পারে। ভালো খবর হচ্ছে আমরা এখনো প্রতিযোগিতায় টিকে আছি, সবাই জানে আমাদের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে।
অনেকেই বলাবলি করছে, একজন বোলার কম নিয়ে নামার কারণে আমাদের চারজন স্পেশালিস্ট বোলারের ওপর বাড়তি চাপ পড়ে। এটা ফালতু কথা। আমার, মরনে (মরকেল), ইমরান তাহির বা কাইল অ্যাবট—কেউই এটা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না।
আমরা নিজেরা প্রত্যেকে শুধু দশ ওভারই বল করতে পারি। অনিয়মিতদের কোনো সাহায্য করতে পারি না, আমরা তো আর তাদের বলগুলো গিয়ে করে দিয়ে আসতে পারি না! আর সব সময় আমরা যেমন করে আসছি, আমরা নিজেদের সেরাটাই দেওয়ার চেষ্টা করছি। যা চেয়েছিলাম ততগুলো উইকেট হয়তো আমি নিতে পারিনি, কিন্তু ৩০ রানে ৩ উইকেট নেওয়াটা খারাপ নয়। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, জয় পেলে ১০০ রানের বিনিময়ে উইকেট না পেলেও আমি মন খারাপ করতাম না।
আমরা রান তাড়া করায় ভালো নই, এ রকম কথাও অনেকে বলছে। কখনো কখনো দল ভালো খেলতেই পারে, আবার কখনো খারাপ। পুরোটাই কাকতাল মাত্র। আমার কোনো সন্দেহই নেই যে আমাদের ব্যাটসম্যানরা প্রথমে ব্যাট করে যত রান করে, পরে নেমেও তত রান করতে পারে। এটাই শুধু প্রমাণ করতে হবে আমাদের।
সপ্তাহটাই শুরু হয়েছিল ভয়ের মধ্য দিয়ে। কেপটাউনের পাহাড়ে ছড়িয়ে পড়েছিল দাবানল। আমি ও ফাফ (ফাফ ডু প্লেসি) যেখানে থাকি, সেটাও গ্রাস করেছে আগুন। আমাদের সাবেক সতীর্থ, পুরোনো বন্ধু জ্যাক ক্যালিস তো সত্যি সত্যি আগুন নিয়ন্ত্রণ করতে হোসপাইপ নিয়ে বাগানে নেমে পড়েছিল।
দক্ষিণ আফ্রিকার সময় রাত তিনটার দিকে আমার কাছে একটা ফোনকল এসেছিল। বাড়ির লোকেরা আমার কাছে জানতে চাইল, আমি কী বাঁচাতে চাই, ঘর থেকে মূল্যবান কিছু সরানোর জন্য মাত্র পাঁচ মিনিট সময় আছে। আমার যা কিছু, বস্তুগত বা অবস্তুগত সবই তো ওই বাড়িতে। মাত্র পাঁচ মিনিট! আমি বিহ্বল হয়ে পড়েছিলাম। ভাগ্য ভালো দমকল কর্মীরা শেষ পর্যন্ত পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে পেরেছে।
ফর্ম কত তাড়াতাড়ি পড়ে যায়—সেটা নিয়ে আমরা সব সময় কথা বলি। যখন ফর্মে থাকি না তখন এটা ‘অজুহাতের’ মতো শোনাতে পারে। তবে ভারত কিন্তু এই কথাটার প্রমাণ দিচ্ছে। বিশ্বকাপের আগে মনে হয়েছিল তারা সবকিছু হারিয়ে ফেলেছে, কিন্তু এখন? চার ম্যাচে চার পেয়েছে, বোলাররা উইকেট পাচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে। শিরোপা-রক্ষার লড়াইটা এর চেয়ে ভালোভাবে শুরু হতে পারত না। আমি আশা করি, তারা আরও কিছুদিন চালিয়ে নিতে পারবে এটি। অন্তত যত দিন আমাদের সঙ্গে দেখা না হয়! (গেমপ্ল্যান)